কুয়েতের সংসদ ভেঙ্গে নতুন নির্বাচনের আহ্বান জানালেন কুয়েতী আমীর
কুয়েতের আমীর সাবাহ আল আহমেদ আল সাবাহ সংসদে উত্থাপিত নির্বাচন সংক্রান্ত নিয়মাবলী সংস্কারের ক্রমবর্ধমান চাপের মুখে সেদেশের সংসদ ভেঙ্গে দিয়ে আগামী জুনে নতুন নির্বাচনের ডাক দিয়েছেন।
সংসদে কুয়েতের সাধারণ নির্বাচনে ভোটারদের জন্য ভোটদানের এলাকার সংখ্যা এবং নির্বাচনী কারচুপি নিয়ে মতবিরোধ এবং বিতর্ক চরম আকার ধারন করলে সংসদ ভেঙ্গে দেয়া হয় বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
কুয়েতের আমীর জানান, ২০০৭ সালে সেদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা থাকলেও এখন তা পরিবর্তন করে নতুন সময় নির্ধারণ করা হয়েছে। এ বছর ২৯ শে জুন এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।
এদিকে বিরোধীদলের আইনপ্রণেতারা ভোটারদের জন্য নির্ধারিত জেলার সংখ্যা কমানোর দাবী জানিয়ে বলেছেন ভোট দানের এলাকা হ্রাস করা হলে ভোট কেনা-বেচা এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য অনিয়ম এবং কারচুপি বন্ধ করা সম্ভব হবে।
এ সংক্রান্ত পূর্ব প্রস্তাবিত এক বিল গত সপ্তাহে সংসদীয় আদালতে পেশ করা হলে বিরোধী দল এর তীব্র বিরোধিতা করে।
গত সপ্তাহে বিরোধীদলের সংসদ সদস্যরা কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের মোহাম্মদ আল আহমেদকে এই বিতর্কিত বিল সংক্রান্ত কঠিন জেরার সম্মুখীন করতে সংসদে এক নজিরবিহীন অনুরোধ জানায়।
১৯৬২ সাল থেকে কুয়েতের সংসদে ৩০ জনের অধিক মন্ত্রীকে জেরা করা হলেও এই প্রথম কোনো প্রধানমন্ত্রীকে জেরার সম্মুখীন করতে অনুরোধ জানানো হলো।
