ইরাকের নবগঠিত সরকারকে বিশ্ব নেতৃবৃন্দের অভিনন্দন জ্ঞাপন
বিশ্ব নেতৃবৃন্দ ইরাকে ২০০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পর সেখানে গঠিত প্রথম পূর্ণাঙ্গ সরকারকে অভিনন্দন জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ বলেছেন, ইরাকের নবগঠিত সরকারের জন্য দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি একটি বড় চ্যালেঞ্জ হলেও ভবিষ্যতে তারা ইরাককে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে পারবে।
ইরাকের শিয়া, কুর্দি এবং সুন্নী দলের নেতাদের নিয়ে এই জোট সরকার গঠন করা হয়েছে।
জাতীয় নিরাপত্তা, স্বরাষ্ট্র এবং প্রতিরক্ষা- ইরাকের এই তিনটি ষ্পর্শকাতর মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আরো আলোচনার দরকার বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
তবে ইরাকের নতুন প্রধানমন্ত্রী নূরি মালিকি জানিয়েছেন, এই তিন সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গা এড়াতে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন।
তিনি জানান,ইরাকীরা সন্ত্রাসী কর্মকান্ড ঘৃণা করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে একটি গ্রহণযোগ্য সময়সীমা আশা করে যে সময়সীমার মধ্যে মার্কিন সৈন্যরা ইরাক ছেড়ে যাবে।
তিনি সংসদে এক ভাষণে আরো বলেন, ইরাকিদের জাতিগত সহিংসতা ভুলে আরো সহনশীল এবং একতাবদ্ধ হতে হবে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ইরাকের সরকার গঠনকে দেশটির ভবিষ্যৎ অগ্রগতির জন্য একটি সময়োপযোগী পদক্ষেপ বলে মনে করছেন।
আরব লীগের মহাসচিব আমর মুসা ইরাকের নতুন সরকার গঠনকে সঠিক একটি পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ আশা করছেন ইরাকের নবগঠিত সরকার ইরাকি জনগণের নিরাপদ জীবন, গণতন্ত্র, জাতিগত অসাম্প্রদায়িকতা এবং মজবুত জাতীয় ঐক্য নিশ্চিত করতে সক্ষম হবে।
