ব্রিটিশ এয়ার ওয়েজ’র লাভ ২৭ শতাংশ বৃদ্ধি
টিকিটের উচ্চমূল্য এবং ‘বিজনেস ক্লাস’ টিকিটের অধিক চাহিদার কারণে তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও ব্রিটিশ এয়ার ওয়েজ’র ব্যবসায়িক লাভ এ বছরে ২৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ইউরোপের তৃতীয় বৃহত্তম ‘ক্যারিয়ার’ হিসেবে খ্যাত ব্রিটিশ এয়ার ওয়েজ (বিএ) জানিয়েছে, বিগত এক দশকের মধ্যে এটাই তাদের বাৎসরিক সর্বোচ্চ লাভ।
যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত হারে ‘ফুয়েল সারচার্জ’ আদায়ের কারণে এই লাভের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এই লাভের ফলে বিগত এক বছরের মধ্যে ব্রিটিশ এয়ার ওয়েজের শেয়ার ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০০৫ সালের মার্চ পর্যন্ত লাভের পরিমাণ ৫৫ কোটি ৬০ লাখ পাউন্ড থাকলেও ২০০৬ সালের মার্চে লাভের পরিমাণ দাঁড়িয়েছে ৭০ কোটি ৫০ লাখ পাউন্ড।
ট্রান্স আটলান্টিক রুটে ব্রিটিশ এয়ার ওয়েজের সার্বিক সুযোগ-সুবিধা ভালো থাকায় এই রুটে ‘বিএ’ ভালো ব্যবসা করেছে। তাছাড়া, এ বছরে ভারত ও চীনে ‘ফার্স্ট ক্লাস’ ও ‘বিজনেস ক্লাসে’ টিকিট বিক্রয়ও বেশ ভালো ছিল।
