এশিয়াতে টাইফুনে ১০৪ জন নিহত
দক্ষিণ চীন সাগরে টাইফুনে কমপক্ষে ১০৪ জন মারা গেছে। এদিকে ভিয়েতনামের কর্মকর্তারা শনিবার জানিয়েছেন, ১৬০ জনেরও বেশি জেলে নিখোঁজ রয়েছে । তারা আর বেঁচে নেই বলে আশংকা করা হচেছ।
ঝড় মৌসুমের শুরুতে মে মাসে টাইফুন ’চঞ্চু’ দক্ষিণ চীন সাগরে প্রথম আঘাত হানে এবং চীন, ভিয়েতনাম এবং ফিলিপাইনে ব্যাপক ক্ষতি করে।
এরপর ’চঞ্চু’ ১৭০ কিলোমিটার বেগে কিছুটা পশ্চিমে দিক পরিবর্তন করে সোজা উত্তরদিকে এগিয়ে গিয়ে ক্রমশ: দুর্বল হয়ে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
গত সপ্তাহে এ ঝড়ে ফিলিপাইনে কমপক্ষে ৩৭ জন মারা যায়। শুক্রবার রাত পর্যন্ত ভিয়েতনাম ও তাইওয়ানের উদ্ধারকর্মীরা ৪৪ টি ভিয়েতনামী জেলের মৃতদেহ উদ্ধার করে।
চীনের দক্ষিনাঞ্চলীয় উপকূলে বুহস্পতিবার এই ঝড়ে ২৩ জন ব্যক্তি প্রাণ হারায়।
ভিয়েতনামের দানাং শহরে ১২২ জন ক্রু নিয়ে মাছধরার পাঁচটি নৌকা ডুবে যায়। এদের মধ্যে উদ্ধারকর্মীরা ২০টি মৃতদেহ ও ৩০ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছে বলে নগরীর মৎস্য বিভাগের পরিচালক ট্রান ভান হিউ জানান।
৯৭ ব্যক্তিসহ আরও পাঁচটি নৌকা নিখোঁজ রয়েছে বলেও তিনি জানান।
ভিয়েতনামের কর্মকর্তারা জানান, টাইফুনে মৃতের সংখ্যা বেশি কারন ঝড়কে এড়ানোর জন্য মাঝিরা উত্তর দিকে যাত্রা শুরু করলে টাইফুনও দিক পরিবর্তন করে উত্তর দিকে ধাওয়া করে। মৃতের সংখ্য আরও বাড়তে পারে বলেও তারা আশংকা করছেন।
চীনে এ ঝড়ের কারণে ১০ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে এবং বিমান ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।
