গ্রীক পূরাণের দেবদেবীরা মঞ্চে গান পরিবেশন করতে যাচ্ছেন
এথেন্সে আয়োজিত ৫১তম ‘ইউরোপীয়ান সংগীত প্রতিযোগিতা’র সেমি-ফাইনাল পর্বে গ্রীক পূরাণে বর্ণিত দেবরাজ জিউসকে মঞ্চে গান গাইতে দেখা যাবে। পাশাপাশি অন্যান্য দেব-দেবীরাও সংগীত পরিবেশন করবে।
আশ্চর্যের কিছু নেই। দেব-দেবীদের ছদ্মবেশে পপ সংগীত প্রতিযোগিতার গায়ক-গায়িকারাই গান পরিবেশন করবে। তবে সেমিফাইনালের পূর্বে অনুষ্ঠানের একটি মহড়া দেখে গ্রীসের মিডিয়াগুলো মর্মাহত হয়েই জানিয়েছে প্রাচীন গ্রীক পুরানের এত বিকৃত ও হাস্যকর উপস্থাপনা ইতিপূর্বে কখনো দেখা যায়নি।
এই মহড়া অনুষ্ঠান দেখে গ্রীসের জনগণ বাকরুদ্ধ হয়ে গেছে। আর বিদেশী পর্যটকরা ব্যাপারটি নিয়ে রীতিমতো হাসাহাসি করছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানানো হয়েছে।
২০০৪ সালের অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গ্রীসবাসিরা বিশ্বকে চমকে দিয়েছিল। কিন্তু ইউরোভিশন পপ সংগীত প্রতিযোগিতার সেমি ফাইনালে গ্রীক পুরানের এহেন অপব্যবহার গ্রীসের সকলকে মর্মাহত করেছে।
গ্রীক ভালোবাসার দেবী আফ্রোদিতি’র বেশে জনৈক গায়িকা মঞ্চে ‘ডিভা’ গানটি গেয়ে যাবার পর সমুদ্র দেবতা পসাইডন ‘ল্যা আমোরেস্ট ব্লিউ’ গানটি গান। স্পার্টার বীর যোদ্ধারা এসময় তাদের বর্ম উঁচিয়ে তালে তালে রণনৃত্য প্রদর্শন করে।
অনুষ্ঠানের কোরিওগ্রাফার ফোকাস ইভাঞ্জলিনস্ জানালেন তিনি গ্রীক পূরাণ কাহিনী উপস্থাপনের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো মজাদার ও হৃদয়গ্রাহী করার চেষ্টা করেছেন।
এই প্রতিযোগিতায় ৪০টির মতো দেশের গায়ক-গায়িকা অংশগ্রহণ করছে। বিশ্বের ১০ কোটি মানুষ স্যাটেলাইট চ্যানেলের মাধ্যমে এই অনুষ্ঠান উপভোগ করবে এবং দর্শকদের টেলিফোন ভোটে প্রতিযোগিতার সেরা গায়ক-গায়িকা নির্বাচন করা হবে। উল্লেখ্য এই ইউরোভিশন পপ সংগীত প্রতিযোগিতার মধ্য দিয়েই ব্যান্ড দল ‘অ্যাবা’ ও গায়িকা সিলিন ডিওন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠেন।
