প্রেসিডেন্ট বুশ তার অভিবাসন সংস্কার প্রস্তাবকে সমর্থন করলেন
মার্কিন প্রেসিডেন্ট বুশ বিতর্কিত অভিবাসন সংস্কার প্রস্তাব সমর্থন করার পর মেক্সিকো এবং ল্যাটিন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার এ নিয়ে আলোচনায় বসছেন।
পররাষ্ট্রমন্ত্রীরা এমন এক সময়ে আলোচনায় বসতে যাচ্ছেন যখন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তাঁর এ বিতর্কিত প্রস্তাবের সমর্থন পেতে যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্তবর্তী এলাকাগুলোতে সফরে গেছেন। সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চান বলেও তিনি জানিয়েছেন।
রিপাবলিকান দলের বেশ কিছু সিনেটর বুশের নরমপন্থী এই পরিকল্পনার বিরোধিতা করে অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার পক্ষে তাদের মত প্রকাশ করেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এদিকে সীমান্ত প্রাচীর নির্মাণ কোন সমাধান হতে পারেনা বলে মেক্সিকোর প্রেসিডেন্ট ভিসেন্ট ফক্স মার্কিন এই পরিকল্পনার সমালোচনা করেন।
গত ডিসেম্বরে প্রতিনিধি পরিষদে রক্ষণশীল রিপাবলিকান প্রতিনিধিরা এর চেয়েও কঠোর একটি বিল পাশ করে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে প্রায় এক কোটি ১৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে এবং প্রতি বছর মেক্সিকোর সীমান্ত দিয়ে ৫-১০ লাখেরও বেশি লোক যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে।
