২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে সুনামির মতো দূর্যোগ মোকাবেলায় মহড়া

প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ৩০টির অধিক দেশ উপকূলীয় অঞ্চলের মানুষদের সুনামির পূর্বাভাসের মাধ্যমে সতর্ক করে দেওয়ার জন্য একটি পদ্ধতি পরীক্ষা করে দেখেছে। হাওয়াই দ্বীপের ইওয়া বীচে অবস্থিত সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই মহড়ার আয়োজন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2006, 10:24 AM

Updated : 26 Apr 2022, 03:40 PM

চিলির উপকূলে ৯.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এবং প্রশান্ত মহাসাগরের পূর্বাঞ্চলীয় দেশগুলো সুনামির কবলে পড়তে যাচ্ছে এমনটা ধরে নিয়ে সেই অনুযায়ী এই অঞ্চলের অধিবাসীদের মাঝে এই মহড়া চালানো হয়।  

উত্তর ফিলিপাইনে বুধবার ভূমিকম্প ও সুনামির পুর্বপ্রস্তুতিমূলক আরেকটি মহড়া চালাবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী দেশগুলোর সরকার এই মহড়ার মধ্য দিয়ে সুনামি সতর্কীকরণ পূর্বাভাসের কার্যকারীতার  ওপর নির্ভর করে পরবর্তীতে দুর্যোগের পূর্বাভাস প্রচার করতে পারবে।

হাওয়াই দ্বীপের সুনামি সতর্কীকরণ কেন্দ্র এই প্রশিক্ষণের আয়োজনের পাশাপাশি কতটা দ্রুত সুনামির পূর্বাভাস স্থানীয় বেতারে প্রচার করা যাবে তা জরিপ করে দেখছে।

এদিকে মঙ্গলবার এই মহড়া চলাকালীন সময়ে ৭.৪ মাত্রার একটি ভূমিকম্প নিউজিল্যান্ডের উত্তরে আঘাত হানে। এছাড়া ৬.৮ মাত্রার একটি ভূমিকম্প ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে বলে খবর পাওয়া যায়। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ধরনের দুর্যোগপূর্ব প্রস্তুতিমূলক মহড়া ভবিষ্যতে ভারত মহাসাগরের তীরবর্তী দেশেও চালানো হবে।