ব্রাজিলে কয়েক দফা হামলায় ৩০ জন নিহত
ব্রাজিলের সাও পাউলো শহরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর কয়েক দফা সশস্ত্র হামলায় ১৯ জন পুলিশসহ কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে।
সশস্ত্র দুর্বৃত্তরা ব্রাজিলের পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে শনিবার ভোরে ৫৫ বার হামলা চালায়। ব্রাজিলের কর্তৃপক্ষ ফার্স্ট কমান্ড অব দ্যা ক্যাপিটাল (পিসিসি) উপদলকে এই হামলার জন্য দায়ী করেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এই হামলার পরপরই কারাবন্দীদের মধ্যে বিদ্রোহ দেখা দিলে সেখানে একশ’ বন্দিকে জিম্মি করা হয়।
সাও পাউলোর গভর্নর জানান, তিনি অপরাধীর কাছে কখনই মাথা নত করবেন না।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ছয়শ’ বন্দিকে শুক্রবার স্থানান্তর করার কারণে এই হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সপ্তাহান্তে সাও পাউলোর কারাগারগুলোতে বেশ কয়েক দফা হামলার ঘটনা ঘটেছে যা পরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে।
