ব্রাজিলের সাও পাওলোতে রাতভর সংঘর্ষে পুলিশসহ নিহত ২১
ব্রাজিলের সাও পাওলো শহরে শুক্রবার রাতে পুলিশের ওপর একটি অপরাধী চক্রের কয়েক দফা হামলা ও সংঘর্ষে ১৪ পুলিশসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছে।
রাতভর হামলা ও সংঘর্ষের ঘটনায় হামলাকারীদের ছয়জন নিহত এবং বেশ কয়েকজন বেসামরিক জনগণ আহত হয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়।
কর্তৃপক্ষ সংঘর্ষের ঘটনার জন্যে ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটাল নামের একটি অপরাধী চক্রকে দায়ী করেছে বলে বিভিন্ন বার্তাসংস্থা সূত্রে জানা যায়।
ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটালের সাথে জড়িত কয়েদিদের শুক্রবারে জেল থেকে স্থানান্তরের ঘটনার জের ধরে এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে বার্তাসংস্থার প্রতিনিধিরা ধারণা করছেন।
ব্রাজিল পুলিশ জানায়, ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটালের কয়েদিরা শনিবারে একটি বড় ধরনের বিদ্রোহ ঘটানোর পরিকল্পনা নিয়েছিল। তা নস্যাৎ করতে কয়েদিদের স্থানান্তর করে অন্য জেলে পাঠানো হয়।
পুলিশ স্টেশন, টহল পুলিশ এবং পুলিশদের আবাসস্থল ও বারে পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে শুক্রবার যখন একের পর এক হামলা শুরু হয় তখন ফার্স্ট কমান্ড অব দ্য ক্যাপিটালের নেতাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তার এক মেয়েবন্ধুও রয়েছে।
