চীনের দুইটি সাইবার ক্যাফেতে বোমা হামলায় নিহত ২, আহত ৪
পূর্ব চীনের আনহুই প্রদেশে শুক্রবার দুইটি সাইবার ক্যাফেতে দু’দফা বোমা হামলায় দুই জন নিহত ও চার জন আহত হয়েছে।
আনহুই প্রদেশের রাজধানী হাফেই-এর সাইবার ক্যাফেতে শুক্রবার রাত ৯.৩৬ মিনিটে প্রথম বিস্ফোরণ ঘটার ১৮ মিনিট পর দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইতিপূর্বে ধারণা করা হয়েছিল যে কম্পিউটার বিস্ফোরণের মাধমে এই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছিল।
স্থানীয় পুলিশ বোমা হামলার সাথে জড়িত ব্যক্তিদের এবং তারা কিভাবে ক্যাফের মধ্যে বোমা এনেছে তা খুঁজে বের করার চেষ্টা করছে।
দুটি সাইবার ক্যাফেরই ব্যবসা করার সরকারি অনুমতিপত্র রয়েছে তবে নিরাপত্তার জন্য ক্যাফেতে কোন ভিডিও ক্যামেরা ছিল না বলে একজন সরকারী কর্মকর্তা জানান।
আহত চারজনের মধ্যে একজন স্কুল ছাত্র কোমায় আক্রান্ত হয়েছে। আহত ক্যাফের কর্মচারীর অবস্থা এখোনো আশংকামুক্ত নয়। তবে আহত অপর দুই স্কুল ছাত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠছে বলে শহরের সাউথইষ্ট হাসপাতাল সূত্রে জানা যায় ।
বোমা হামলার পর শহরের অন্যান্য ক্যাফেগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে সরকারী সূত্রে বলা হয়েছে।
