২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পোলিও মুক্ত বিশ্ব গড়তে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাপক কর্মসূচি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী ঝুঁকিপূর্ণও প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাসরত এক কোটি ৬০ লক্ষ শিশুকে এই সপ্তাহের মধ্যে পোলিও’র টিকা দেয়া হবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 12:55 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

দশ হাজারেরও বেশি স্বাস্থ্যকর্মী এসব অঞ্চলে ব্যাপক প্রচারাভিযানের মধ্য দিয়ে টিকাদান কর্মসূচি সফল করার জন্য কাজ করে যাচ্ছে।

টিকাদান কর্মসূচির ক্ষেত্রে এই কর্মসূচিই হবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বড় টিকাদান কর্মসূচিগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অবশ্য আশা প্রকাশ করে বলেছে এই কর্মসূচি সফল হলে পাকিস্তান ও আফগানিস্তান সম্পূর্ণ পোলিও মুক্ত হবে।

এর ফলে শুধুমাত্র ভারত ও নাইজেরিয়া ব্যতিত সমগ্র বিশ্বে পোলিও নির্মূল করা সম্ভব হবে।

ডব্লিউ এইচ ও’র মুখপাত্র ফেডেলা চাইব জানিয়েছেন, এক কোটি ৪০ লক্ষ পাকিস্তানী শিশু এবং ২০ লক্ষ আফগান শিশুকে এ টিকা কর্মসূচির আওতায় ধরা হয়েছে।

২০০৫ সালের মধ্যে পোলিও মুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও টিকাদান কর্মসূচি গ্রহণ করে। কিন্তু ২০০৪ সালে উত্তর নাইজেরিয়ায় টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং অনেক পোলিও মুক্ত দেশে নতুন করে পোলিও ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়ে ওঠেনি।