২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের জন্য মার্কিন আইনের পরিবর্তন

মিয়ানমারের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশাধিকারের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বর্তমান আইনের কিছুটা পরিবর্তন এনেছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 11:35 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এ আইনের অধীনে থাইল্যান্ডের মিয়ানমার সীমানায় থাম হীন শিবিরে বসবাসরত নয় হাজার ৩০০ কারেন গোষ্ঠীর শরণার্থীদরকে এখন থেকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত না করে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের ক্ষেত্রে সুযোগ দেওয়া হবে।

এসব কারেন শরনার্থীরা দীর্ঘদিন ধরেই কারেন ন্যাশনাল ইউনিয়ন (কেএনইউ) এর মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে আসছে। নতুন মিয়ম অনুযায়ী তারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে।

মার্কিন আইন অনুযায়ী সন্ত্রাসের সাথে যুক্ত অথবা সন্ত্রাসী সংগঠনগুলোকে সাহায্যকারী কোনো ব্যক্তিই মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবে না।

কান্ডেলিৎসা রাইস দেশের ‘অভিবাসন ও জাতীয়তা আইন’-এর অধীনে নতুন এই আইন সংযোজন করেছেন। এতে করে মিয়ানমারের কারেন শরণার্থীদের যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর ক্ষেত্রে একটি বাঁধা অপসারিত হলো বলে জানালেন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র সিন ম্যাককরম্যাক।

তবে, এই নতুন আইনের অর্থ এই নয় যে, মিয়ানমারের শরণার্থীদের যুক্তরাষ্ট্রে যাবার পথ অনেক সুগম হলো। নতুন আইনের ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাবাহিনী এখন থেকে একজন কারেন শরণার্থীকে সন্ত্রাসী হিসেবে না দেখে তাকে মার্কিন দেশে বসবাসের জন্য যোগ্য বলে বিবেচনা করতে পারেন। কিন্তু যুক্তরাষ্ট্রের অধিবাসী হতে হলে তাকে অবশ্যই সে দেশে প্রবেশের সকল পূর্ব শর্ত পূরণ করতে হবে।

কারেন গোষ্ঠী মিয়ানমারের থাই সীমান্তবর্তী অঞ্চলের একটি বৃহৎ অংশে নিজস্ব সরকার ব্যবস্থার মাধ্যমে সামরিক জান্তা ও তার শাসনের থেকে মুক্তির দাবিতে যুদ্ধ করে আসছে।

২০০৪ সালে মিয়ানমারের সামরিক জান্তা ও কেএনইউ-এর মধ্যে একটি অস্থায়ী যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও বর্তমানে উভয় দলের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে।

কেএনইউ-এর একজন নেতা কর্ণেল নারদা মাইয়া জানিয়েছেন, মিয়ানমার সামরিক বাহিনীর সদস্যরা তিব্বত সীমান্তের কাছে অবস্থিত তাদের ঘাঁটির এক কিলোমিটারের মধ্যে চলে এসেছে। এ যুদ্ধের ফলে প্রায় ১০ হাজার মানুষ গৃহহীন হয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।

থাইল্যান্ডের মিয়ানমার সীমান্তে বর্তমানে ১৪ হাজারেরও বেশি বার্মিজ শরর্ণাথী বসবাস করছে।