২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারফুর শান্তি চুক্তি বাস্তবায়নে শেষ মূহুর্ত পর্যন্ত বৈঠক

সুদানের দারফুর অঞ্চলে যুদ্ধরত বিদ্রোহী দলগুলোর সাথে নাইজেরিয়া ও সুদানের সরকারের সমঝোতায় আসার জন্য নির্ধারিত সময়সীমা পার হয়ে গিয়েছে। তবে দারফুর শান্তি চুক্তি বাস্তবায়নের প্রচেষ্টায় আলোচকরা শেষ মূহুর্তের বৈঠক চালিয়ে যাচ্ছেন।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2006, 10:28 AM

Updated : 26 Apr 2022, 03:38 PM

আফ্রিকান ইউনিয়নের মধ্যস্থতায় দুইবার শান্তি চুক্তি সম্পাদনের সময়সীমা বর্ধিত করার পর বৃহস্পতিবার রাতে সুদান সরকার ও বিদ্রোহীদের মধ্যে আলোচনার এই সময়সীমা শেষ হলো।

মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আন্তর্জাতিক মধ্যস্থতাকারী দল দারফুর সংকট নিরসনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবার পর জানিয়েছে দারফুর অঞ্চলে শান্তি স্থাপনে এটাই সবচেয়ে বড় সুযোগ।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী হিলারী বেন বলেন, মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী রবার্ট জোলিকের সাথে তিনি দারফুর শান্তি চুক্তি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আফ্রিকান ইউনিয়নের বর্তমান সভাপতি ও কঙ্গোর প্রেসিডেন্ট ডেনিস সাসোউ এনগিউসো নাইজেরিয়ার প্রেসিডেন্ট ওলেসেগান ওবাসানজোর সাথে একটি সমঝোতায় পৌঁছতে নির্ধারিত সময়ের শেষ মূহুর্ত পর্যন্ত বৈঠক করেছেন।

সুদান সরকার শান্তি চুক্তিতে স্বাক্ষরের জন্য ইতিবাচক মনোভাব দেখালেও বিদ্রোহী দলগুলো দেশের ক্ষমতা ভাগাভাগিসহ তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি জানিয়েছে।

মধ্যস্থতাকারী দল অবশ্য আশা প্রকাশ করে জানিয়েছে যে, চুক্তির আওতায় ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বিদ্রোহীদের  সেনাবাহিনীতে নিয়োগ করা সম্ভব হবে।