জাতিসংঘ খসড়া প্রস্তাবে ইরানের তীব্র বিরোধীতা
মার্কিন যুক্তরাষ্ট্র , যুক্তরাজ্য এবং ফ্রান্স ইরানের পরমাণু কর্মসূচি বন্ধের লক্ষ্যে গত বুধবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া চুক্তি পেশ করেছে। ইরান প্রস্তাবটির বিরোধীতা করে বলেছে যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্ররা ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্পকে ঘিরে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করতে চায় বলেই এ ধরনের প্রস্তাব পেশ করেছে।
জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত জাভাদ জারিফ বলেন, এই ধরনের ‘যুদ্ধং দেহি’ মনোভাব এড়িয়ে নিরাপত্তা পরিষদের উচিত ইরানের সাথে প্রাসঙ্গিক এবং যুক্তিপূর্ণ আলোচনাতে আসা।
তিনি আরো বলেন ইরান পরমাণু কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করতে যাচ্ছে, পারমানবিক অস্ত্র নয়।
জাতিসংঘের সংবিধানের সপ্তম পরিচ্ছেদের অধীনে গৃহীত এই প্রস্তাবে ইরানের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া যাবে বলে উল্লেখ করা হয়েছে।
এদিকে নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী চীন এবং রাশিয়া প্রথম থেকেই ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে আসছে।
জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়াঙ গুয়ানজিয়া বলেছেন জাতিসংঘের সংবিধানের আলোকে রচিত এই খসড়া প্রস্তাবে তিনি পুরোপুরি একমত নন।
জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত জন বোল্টন জানান, আগামী সোমবার নিউইয়র্কে পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পূর্বেই ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য তারা সর্বাত্মক চেষ্টা ও আলোচনা চালিয়ে যাবেন।
