ইরানের পরমাণু কার্যক্রম প্রশ্নে নিরাপত্তা পরিষদে খসড়া প্রস্তাব পেশ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ সম্পর্কিত একটি খসড়া প্রস্তার উত্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানী।
এই খসড়া প্রস্তাবে ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া চালিয়ে যায় তাহলে দেশটির ওপর নিষধাজ্ঞা আরোপের কথা বলা হয়েছে।
ফ্রান্স এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতরা আশা করছেন নিরাপত্তা পরিষদ শীঘ্রই এই প্রস্তাব অনুমোদন করবে।
নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাষ্ট্র রাশিয়া এবং চীনের বিরোধিতা স্বত্ত্বেও পশ্চিমা রাষ্ট্রগুলো এই প্রস্তাবের খসড়া নিরাপত্তা পরিষদে পেশ করেছে।
জাতিসংঘের সংবিধানের আলোকে পেশ করা এই প্রস্তাবে ইরানের উপর প্রয়োজনে যে কোন নিষেধাজ্ঞা এমনকি সামরিক পদক্ষেপও গ্রহণ করা যাবে বলে বলা হয়েছে।
অন্যদিকে ইরান বলেছে শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার অধিকার তাদের রয়েছে। তবে পরমাণু কর্মসূচি ইস্যুতে ইরানের এই অনমনীয় অবস্থানকে পশ্চিমা বিশ্ব ইরানের পারমানবিক অস্ত্রে সমৃদ্ধ হওয়ার ইঙ্গিত বলে মনে করে।
নিরাপত্তা পরিষদে আনীত এই প্রস্তাবে ইরানকে পরমাণু সমৃদ্ধকরণের সাথে জড়িত গবেষণা এবং উন্নয়ন সংক্রান্ত সবধরনের কার্যক্রম এবং ভারী পানি দ্বারা চালিত পারমাণবিক চুল্লি নির্মাণ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
এই প্রস্তাবে সকল দেশকে ইরানে পরমাণু কার্যক্রম সমৃদ্ধ করার মতো প্রযুক্তি এবং উপাদান সরবরাহ না করার জন্যও আহ্বান জানানো হয়।
