২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষ্ণ সাগরে আর্মেনিয়ার বিমান বিধ্বস্ত, ১১৩ আরোহীর মৃত্যুর আশঙ্কা

আর্মেনিয়ার রাজধানী ইরেভান থেকে একটি বিমান ১১৩ জন যাত্রী নিয়ে রাশিয়ার দক্ষিণাঞ্চলের সোচি শহর  যাবার পথে কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। আরোহীদের কারও বেঁচে থাকার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2006, 10:55 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

এ পর্যন্ত ১১টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিমানটিতে ১১৩  জন যাত্রীর মধ্যে আটজন ক্রু এবং পাঁচটি শিশু ছিল।

আর্মেনিয়ার আরমাভিয়া এয়ারলাইন্সের এ-৩২০ বিমানটি ১১৩ জন যাত্রী নিয়ে জর্জিয়ার সীমান্তের কাছে রাশিয়ার বিখ্যাত অবকাশযাপন কেন্দ্র সোচি’র উদ্দেশ্যে উড্ডয়ন করার পর স্থানীয় সময় ০২১৫ টায় রাডার স্ক্রীন থেকে অদৃশ্য হয়ে যায়।

বিমানটি বিধ্বস্ত হবার প্রকৃত কারণ জানা না গেলেও আরমাভিয়া বিমান কর্তৃপক্ষ দুর্ঘটনার জন্য দূর্যোগপূর্ণ আবহাওয়াকেই দায়ী করছে।

তীর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে কৃষ্ণ সাগরের মধ্যে বিমানটির ধ্বংসাবশেষ দেখা গেছে বলে বিভিন্ন সংবাদ সংস্থার খবরে বলা হয়।

রাশিয়ার জরুরী অবস্থা মোকাবেলা মন্ত্রণালয়ের উপ-প্রধান ভিক্টর বেল্টসোভ বলেন,  সাগরে লাইফ জ্যাকেট ভেসে থাকতে দেখা গেলেও কোনো মানুষের সন্ধান পাওয়া যায়নি। প্রবল বৃষ্টিপাতের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলেও তিনি জানান।