২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস সরকার ফিলিস্তিনের বেতন সংকট কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছে

হামাস সরকার ফিলিস্তিনের প্রতি আরব লীগের পাঠানো অর্থ সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনি সরকারী কর্মকর্তা- কর্মচারীদের অপরিশোধিত বেতন-ভাতা শোধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2006, 11:56 AM

Updated : 26 Apr 2022, 03:37 PM

তবে আরব লীগ ফিলিস্তিনের এই বেতন সমস্যা কাটিয়ে ওঠার জন্য যে অর্থ সাহায্য পাঠিয়েছে তা ব্যাংকের মাধ্যমে এখনও হামাস সরকারের হাতে পৌঁছায়নি ।

ব্যাংকগুলো আশঙ্কা করছে হামাসের সাথে কোনোপ্রকার আর্থিক লেনদেন করলে যুক্তরাষ্ট্র তাদের বিরূদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে ।

হামাস সরকার প্রতিবেশী রাষ্ট্র ইসরাইলের ধ্বংস কামনা করায় এবং ইসরাইলের অস্তিত্ব মেনে না নেওয়ায়  মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন ফিলিস্তিনিদের প্রতি সকল প্রকার আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছে ।

মার্চ মাস থেকে অনেক ফিলিস্তিনি সরকারী কর্মকর্তা-কর্মচারী তাদের বেতন-ভাতা পাননি।

জাতিসংঘের মতে ফিলিস্তিনের ১ লক্ষ ৬৫ হাজার কর্মকর্তা-কর্মচারীসহ দেশের মোট এক-চতুর্থাংশ জনগণ সরকারের বেতনের উপর নির্ভর করে।

জাতিসংঘ হামাস সরকারকে হুঁশিয়ার করে জানিয়েছে, ফিলিস্তিনে দীর্ঘদিন এই অবস্থা চলতে থাকলে দরিদ্র মানুষের সংখ্যা বেড়ে গিয়ে দেশে বিশৃঙ্খলা ও সহিংসতা দেখা দিতে পারে।

এবছরের শুরুতে ফিলিস্তিনের জঙ্গি দল হামাস সরকার গঠন করায় পশ্চিমাবিশ্ব ফিলিস্তিনের প্রতি সকল প্রকার সাহায্য বন্ধ করে দিয়েছে।