২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভেনিজুয়েলা থেকে পেরু’র রাষ্ট্রদূতের প্রত্যার্পনের সিদ্ধান্ত

পেরুর সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনে ভেনিজুয়েলার হস্তক্ষেপের নিন্দা জানিয়ে ভেনিজুয়েলায় নিযুক্ত পেরুর রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে পেরু সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2006, 01:20 PM

Updated : 26 Apr 2022, 03:37 PM

পেরুর পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে যে, ভেনিজুয়েলা আন্তর্জাতিক আইন অমান্য করে পেরুর আভ্যন্তরীন ব্যাপারে অব্যাহতভাবে নাক গলিয়ে যাচ্ছে।

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ৯ এপ্রিল পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি পপুলিস্ট প্রার্থী ওলান্টা হুমালাকে প্রকাশ্যে সমর্থন করার পর পেরুর সরকার কারাকাস থেকে তাদের  রাষ্ট্রদূতকে দেশে ফিরিয়ে আনার এই সিদ্ধান্ত চূড়ান্ত করে।

শ্যাভেজ ইতোমধ্যে হুমালার প্রতিদ্বন্দ্বী এ্যালান গার্সিয়াকে একজন চোর বলে আখ্যায়িত করেছেন।

 আগামী মে মাসের শেষ নাগাদ অথবা জুনের প্রথম দিকে হুমালা পেরুর সাবেক প্রেসিডেন্ট ও কেন্দ্রীয় বামপন্থি দলের এ্যালান গার্সিয়ার বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্যায়ে  মুখোমুখি হচ্ছেন। শ্যাভেজ বলেছেন, গার্সিয়া জয়ী হলে তিনি পেরুর সাথে সম্পর্ক ছিন্ন করবেন।

পেরু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করার পর বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস ও হুগো শ্যাভেজ পেরুর সমালোচনা করায় গার্সিয়া এই দুই প্রেসিডেন্টকে “অবাধ্য শিশু” হিসেবে আখ্যায়িত করেছেন।

এদিকে ভেনিজুয়েলা, বলিভিয়া এবং কিউবা হাভানায় শনিবার তাদের মধ্যে বাণিজ্য চুক্তি সম্পাদন করেছে।