তামিলরা শ্রীলঙ্কা সরকারের হামলাকে ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে
তামিল বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শ্রীলঙ্কার উত্তর-পূর্বাঞ্চল এলাকায় শ্রীলঙ্কা সরকারের হামলাকে তামিলরা ‘গণহত্যা’ বলে আখ্যায়িত করেছে।
তামিলপন্থী ওয়েব সাইটের এক বিবৃতিতে তারা জানায়, দুইদিন ধরে বিমান হামলার ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা না জানানোর জন্য তামিলরা এর সমালোচনা করেছে।
অপর এক বিবৃতিতে তামিলরা জানায়, শ্রীলঙ্কা সরকার যুদ্ধ বিরতি চুক্তি পুরোপুরি লঙ্ঘন করেছে।
বুধবার হামলা চলাকালে হাজার হাজার লোক তাদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যায়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
শ্রীলঙ্কার সেনা সদর দপ্তরে তামিল বিদ্রোহীদের হামলায় আটজন নিহত হয়। পরে সরকার বিমান হামলা চালিয়ে তামিলদের পাল্টা জবাব দেয়।
শ্রীলঙ্কা সরকার এবং তামিলদের মধ্যে বর্তমানে গোলাগুলি কমলেও সরকার যদি আবার তাদের উপর হামলা চালায় তাহলে তামিলরাও পাল্টা জবাব দিবে।
শ্রীলঙ্কার অনেক নাগরিক ধারণা করছেন যে, এই সহিংসতা বৃদ্ধি পেলে চার বছরের যুদ্ধ বিরতির চুক্তিটি নস্যাৎ হয়ে যেতে পারে।
