শ্রীলঙ্কার আর্মি হেডকোয়ার্টারে বোমা হামলায় আহত ৮, সেনা প্রধান গুরুতর আহত
শ্রীলঙ্কার আর্মি হেড কোয়ার্টারে মঙ্গলবার আত্মঘাতী বোমা হামলায় আটজন নিহত হয়েছে। হামলায় সেনা প্রধান গুরুতর আহত হয়েছেন।
একজন চিকিৎসক জানান, সেনা প্রধান লেফট্যানেন্ট জেনারেল সারাথ ফনসেকাকে আশঙ্কাজনক অবস্থায় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে। অপারেশন চলছে।
এ হামলার জন্যে সেনাবাহিনী বিচ্ছিন্নতাবাদী তামিল টাইগারকে দায়ী করেছে। তবে এ ব্যাপারে বিদ্রোহীরা কোনো কথা বলেনি।
গত সপ্তাহে বিদ্রোহী তামিল টাইগাররা শান্তি আলোচনা থেকে নিজেদের প্রত্যাহারের পর দেশটিতে আবারো সংঘর্ষ শুরু হয়েছে।
সেনা সূত্র জানায়, একজন মহিলা শরীরে বিস্ফোরক বেধে নিজেকে গর্ভবতী দেখিয়ে এ হামলা চালায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা বলেন, ভূয়া পরিচয় দিয়ে ওই মহিলা আর্মি হাসপাতালে ভর্তি হয়।
সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সেনা হাসপাতালের গেটে তামিল টাইগার আত্মঘাতী হামলাকারী হামলা চালালে বেশ কয়েকজন সেনা কর্মকর্তা ও বেসামরিক লোক নিহত হয়।
সেনাবাহিনী জানায়, হামলায় ২৭ জন আহত হয়েছে।
লেফটেন্যান্ট ফনসেকা তল পেটে আঘাতপ্রাপ্ত হন। সাথে সাথেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কলম্বো ন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ড. হেক্টর ওয়ারাসিংহে বলেন, তিনি এখনো আশঙ্কামুক্ত নন। তার শরীরে অস্ত্রপচার চলছে।
গত নভেম্বরে প্রেসিডেন্ট রাজাপাকাশে নির্বাচিত হওয়ার পর ফনসেকাকে সেনাপ্রধান মনোনীত করা হয়।
