২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন-মেক্সিকো সীমান্তে প্রাচীর তৈরীর পরিকল্পনার প্রতিবাদ করেছেন শোয়ার্জনেগার

অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ রোধ করতে মেক্সিকো ও আমেরিকার সীমান্তে ৭০০ মাইল দীর্ঘ প্রাচীর তৈরীর সিদ্ধান্ত  প্রস্তর যুগে ফিরে যাওয়ার সমতুল্য বলে মন্তব্য করেছেন ক্যালিফোর্ণিয়ার গভর্ণর আরনল্ড শোয়ার্জনেগার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2006, 02:07 PM

Updated : 26 Apr 2022, 03:36 PM

প্রাচীর তৈরীর পরিবর্তে এক্ষেত্রে তিনি উন্নত প্রযুক্তির ব্যবহার ও অধিক পাহারার ব্যবস্থা করার কথা বলেছেন।

এবিসি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, উন্নত প্রযুক্তির ব্যবহার করে মানুষ চাঁদকে জয় করতে পেরেছে। সুতরাং উন্নত প্রযুক্তির ব্যবহার করলে সীমান্তের নিরাপত্তা রক্ষা করাও সম্ভব হবে।

প্রাচীর তৈরীর এ প্রস্তাবের বিপক্ষে তিনি কিছু কারণও দেখিয়েছেন। বার্লিন প্রাচীরের কথা উল্লেখ করে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সীমান্তে এরকম প্রাচীর তৈরী করলে তাদের বন্ধু রাষ্ট্র মেক্সিকোর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে।

১১ মিলিয়ন অভিবাসীকে দেশ থেকে বহিষ্কার করার চিন্তাকেও অযৌক্তিক বলে মনে করছেন শোয়ার্জনেগার।

উল্লেখ্য, শোয়াজনেগার ১৯৬৮ সালে অস্ট্রিয়া থেকে আমেরিকায় আসেন, ১৯৮৪ সালে আমেরিকান নাগরিকত্ব পেলেও এখনও তিনি তাঁর অস্ট্রিয়ান নাগরিকত্ব বজায় রেখেছেন।