প্রধানমন্ত্রীর নাম সুপারিশ করতে বিরোধী জোটের প্রতি নেপালের রাজার আহ্বান
নেপালের রাজা জ্ঞানেন্দ্র শুক্রবার প্রধানমন্ত্রী পদের জন্য একজনের নাম সুপারিশ করতে বিরোধী রাজনৈতিক দলগুলোর জোটের প্রতি আহ্বান জানিয়েছেন।
টেলিভিশনে দেয়া এক ভাষণে রাজা জ্ঞানেন্দ্র বলেন, তিনি জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট তারিখ তিনি ঘোষণা করেননি।
রাজার একচ্ছত্র শাসনের বিরুদ্ধে বিরোধী দলগুলোর নেতৃত্বে দেশটিতে চলমান ধর্মঘট ও প্রতিবাদ বিক্ষোভের ১৬তম দিনে রাজা এ আহ্বান জানালেন।
মাওবাদী বিদ্রোহীদের দমন করতে ব্যর্থতার অভিযোগ এনে রাজা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে তৎকালীন শের বাহাদুর দিউবার নেতৃত্বাধীন সরকারকে বরখাস্ত করেন এবং শাসনভার নিজের হাতে নিয়ে নেন।
শুক্রবার রাজা বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্র ও সাংবিধানিক রাজতন্ত্রে বিশ্বাসী। আমরা আশা করি, বহুদলীয় গণতন্ত্র রক্ষার মাধ্যমে দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকবে।
রাজা একজন প্রধানমন্ত্রীর পদের জন্য একজনের নাম সুপারিশ করতে সাতটি রাজনৈতিক দলকে নিয়ে গড়া নেপালের বিরোধী জোটের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না দেয়া পর্যন্ত বর্তমান সরকার দেশ পরিচালনা করতে থাকবে।
এদিকে দেখা মাত্র গুলি করার নির্দেশ সংক্রান্ত কারফিউয়ের দ্বিতীয় দিন শুক্রবার হাজার হাজার নেপালি গণজমায়েতের নিষেধাজ্ঞা ভঙ্গ করে রাস্তায় বেরিয়ে আসেন এবং রাজার একচ্ছত্র শাসনের অবসানের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ করেন।
এদিকে রাজধানী কাঠমান্ডুর ৫০০ কিলোমিটার দক্ষিণ--পশ্চিমের গুলারিয়া শহরে বৃহস্পতিবার প্রতিবাদ বিক্ষোভকালে আহত হওয়া একজন শুক্রবার মারা গেছেন। এ নিয়ে এখন পর্যন্ত দেশটিতে পক্ষকাল ধরে চলতে থাকা রাজতন্ত্রবিরোধী বিক্ষোভে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হলেন।
