যুক্তরাষ্ট্রে ১২শ’ অবৈধ অভিবাসী আটক
মার্কিন প্রশাসন যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে এযাবৎকালে বৃহত্তম অভিযানে প্রায় ১২শ’ অভিবাস.কে গ্রেপ্তার করেছে।
আটককৃতদের সবাই যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি কাঠের বাক্স তৈরির জার্মান কোম্পানি ইফকো’ তে অবৈধভাবে কর্মরত ছিল। যুক্তরাষ্ট্রের ৯টি অঙ্গরাজ্য থেকে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ইফকো’ র সাতজন কর্মকর্তাও রয়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি মাইকেল চার্টফ এদের গ্রেপ্তারের ব্যাপারে বলেন, আমরা এই ঘটনার মধ্য দিয়ে অবৈধ শ্রমিক ও তাদের নিয়োগদাতাদের সতর্ক করে দিতে চাই। অবৈধ শ্রমিক নিয়োগ বন্ধে যেকোন কঠোর পদক্ষেপ গ্রহণেরও প্রত্যয় ব্যক্ত করেছেন চার্টফ।
এদিকে মার্কিন সিনেটে গত সপ্তাহে নতুন অভিবাসী আইন প্রনণয়নের বিষয়টি চূড়ান্ত না হওয়ায় কিছুদিনের মধ্যেই সিনেটের বৈঠকে আলোচনাটি পুনর্বার উত্থাপিত হবে।
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ যুক্তরাষ্ট্রের বাইরে থেকে দুই বছরের মেয়াদে ‘অতিথি শ্রমিক’ নিয়োগ সংক্রান্ত একটি নতুন আইন প্রনয়ণের চেষ্টা চালালেও নিজ রিপাবলিকান দলের কয়েকজন সিনেটরের সমালোচনার মুখে এখনও তা চূড়ান্ত অনুমোদন পায়নি।
অবৈধ অভিবাসীদের ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করে বিচার করার নতুন মার্কিন পরিকল্পনা এখনও সিনেটের অনুমোদন পায়নি। তবে নতুন এই নীতির বিরুদ্ধে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছে কয়েক লাখ অভিবাসী।
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ১ কোটি ১৫ লাখ অবৈধ অভিবাসী রয়েছে বলে ধারণা করা হয়।
