ডব্লিউটিও’র বৈঠক বন্ধের আহ্বান জানিয়েছে দাতাগোষ্ঠী
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) এ মাসের শেষ পর্যায়ে আহুত বাণিজ্য সংক্রান্ত বৈঠক বন্ধের আহ্বান জানিয়েছে দাতাগোষ্ঠী ও অ্যাডভোকেসি গ্রুপগুলো।
বৈঠকে দরিদ্র দেশগুলোর পূর্ণাঙ্গ উপস্থিতির সম্ভাবনা না থাকায় তারা ডব্লিউটিও’কে এ বৈঠক আয়োজন করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
ডব্লিউটিও’র প্রধান প্যাসকাল লেমিকে লেখা এক চিঠিতে অক্সফাম, অ্যাকশন এইড ও থার্ড ওয়ার্ল্ড এইডসহ ১২৫ টি সংগঠন বলছে, ক্ষমতাধর ও ধনী দেশগুলোর পরামর্শে বাণিজ্য উদারীকরণকে উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
বাণিজ্য উদারীকরণের যে ব্যবস্থাপত্র উপস্থাপিত হয়েছে তাতে বিশ্বের ১৪৯ টি দেশের মানুষ মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। এর আগে দোহা রাউন্ডে গৃহীত সিদ্ধান্তের ফলে দেশগুলোকে অবর্ণনীয় ক্ষতির সম্মুখীন হতে হয়।
লেমি’র মুখপাত্র রকওয়েল জানান, এ মাসের শেষে মন্ত্রী পর্যায়ে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে কি না তা এখনও নিশ্চিৎ নয়। এ সপ্তাহের মধ্যে প্রস্তুতিমূলক কাজ কতটুকু অগ্রসর হলো তার ওপর ভিত্তি করে বৈঠকের বিষয়টি চূড়ান্ত করা হবে।
রকওয়েল আরও বলেন, বৈঠকে কাউকে আমন্ত্রণ জানানো হবে না। যারা চাইবেন তারা অংশ নেবেন।
