পেরুর জাওকানে বাস দুর্ঘটনায় ২৫জন নিহত
মধ্য পেরুর পাহাড়ী রাস্তা থেকে যাত্রীবাহী একটি বাস গিরিখাতে পড়ে বিধ্বস্ত হলে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে।
রাজধানী লিমার ১৯০ মাইল দক্ষিণ-পূর্বের পার্বত্য জেলা জাওকানে সোমবার এই দুর্ঘটনাটি ঘটে। বাসের বেশির ভাগ যাত্রীই ছিল ব্যবসায়ী যারা জাওকানের পার্বত্য শহর হুয়ানকায়ো’তে পণ্য বিক্রয়ের জন্য যাচ্ছিল। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৫টি মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে উদ্ধারকারী দল আশংকা প্রকাশ করেছে।
পেরুতে ২০০৪ সালের জুলাই থেকে ২০০৫ সালের জুন পর্যন্ত বাস দুর্ঘটনায় ৫৫৭ জনের মৃত্যু হয়েছে।
