ইসরাইলে বোমা বিস্ফোরণের ঘটনায় হামাসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হুশিয়ারি
ইসরাইলে আত্মঘাতি বোমা হামলায় নয়জন নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র হামাসের নেতৃত্বাধীন ফিলিস্তিন সরকারকে হুশিয়ার করে দিয়েছে।
একজন মার্কিন মুখপাত্র এই বোমা হামলাকে সন্ত্রাসী কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এই ধরনের হামলা বন্ধে ব্যর্থতার জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষই দায়ী।
জাতিসংঘের মহাসচিব কফি আনান ফিলিস্তিন কর্তৃপক্ষকে আত্মঘাতি বোমা হামলা প্রতিরোধে দৃঢ় ভূমিকা গ্রহণের আহ্বান জানান।
সোমবার তেল আবিবের কাছে একটি রেস্টুরেন্টে এই বিস্ফোরণে আরো ৫০জন আহত হয়। ফিলিস্তিনি জঙ্গী গোষ্ঠী ইসলামিক জিহাদ এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে।
এই আক্রমণের পরপরই ইসরাইলের বিমান থেকে গাজার একটি ধাতব কারখানায় ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করা হয়। ইসরাইলী সেনারা বলছে ওই দোকানে ফিলিস্তিনি গেরিলারা রকেট তৈরী করতো।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনার নিন্দা জানান। হামাস এই হামলাকে আত্মরক্ষার কৌশল হিসেবে দাবী করেছে। উল্লেখ্য, হামাস ক্ষমতা গ্রহণের পর ফিলিস্তিন- ইসরাইলের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়।
এদিকে, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা সকল পক্ষকে নতুন করে সহিংসতায় জড়িয়ে না পরার জন্য আহ্বান জানান।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় এই হামলায় নিন্দা জানিয়েছে।
