২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে সংসদ অধিবেশন স্থগিত

ইরাকের প্রধানমন্ত্রী ইব্রাহীম জাফারীকে কেন্দ্র করে ইরাকের নতুন সরকারের মধ্যে সৃষ্ট জটিলতার কারণে সোমবার অনুষ্ঠিতব্য সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2006, 10:11 AM

Updated : 26 Apr 2022, 03:35 PM

ইরাকি সাংসদরা গত ডিসেম্বরে নির্বাচনের পর মাত্র একবার সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন।

সংসদের স্পিকার অধিবেশন স্থগিত করার বিষয়ে জানান, সাংসদ ও ধর্মীয় নেতাদের ইব্রাহীম জাফারীকে ঘিরে সৃষ্ট সমস্যা নিরসনে আরও সময়ের প্রয়োজন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

ইরাকের কুর্দি ও সুন্নী দল দেশের শিয়া দল সমর্থিত প্রধানমন্ত্রী মনোনয়ন প্রার্থী ইব্রাহীম জাফারিকে সমর্থন না করায় সরকারের অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

কুর্দি ও সুন্নী জোট ইরাকের সহিংসতা বন্ধে ইব্রাহীম জাফারীর ব্যর্থতার কথা উল্লেখ করে শিয়া জোটকে জাফারীর মনোনয়ন প্রত্যাহারের আহবান জানিয়েছেন।

এদিকে ইব্রাহীম জাফারীর প্রতি শিয়া দলগুলোর সমর্থনকে প্রত্যাহারের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃবৃন্দের উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ করছে।

ওয়াশিংটনে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত সামির সুমাইদেই আগামি কয়েকদিনের মধ্যেই এই সংকট নিরসনের আশা প্রকাশ করেছেন।

২০০৫ সালের ডিসেম্বরের নির্বাচনে ইরাকের বৃহত্তম রাজনৈতিক দল শিয়া জোট ২৭৫টি আসনের মধ্যে ১২৮টি আসনে জয়ী হয়েছে। কিন্তু নির্বাচনের পর গত মার্চ মাসে মাত্র একবার খুব অল্প সময়ের জন্য ইরাকি সাংসদের অধিবেশন বসেছে।

অন্যদিকে রোববার ইরাক জুড়ে কয়েকটি সহিংস ঘটনায় ৩৪ জন নিহত হয়েছে। এই সহিংসতা কমাতে ইরাকি নেতৃবৃন্দ মার্কিন প্রশাসন ও রাজনৈতিক বিশেষজ্ঞরা বর্তমানে একটি পূর্ণাঙ্গ ইরাকি সরকার গঠনের প্রক্রিয়ায় রয়েছেন।