ইরানের সাথে সরাসরি আলোচনার জন্য বুশ প্রশাসনের প্রতি মার্কিন সিনেটরদের আহবান
মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটররা ইরানের পরমাণু পরিকল্পনা নিয়ে সরাসরি আলাপ করার জন্য বুশ প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন।
সিনেট দ্বিপাক্ষিক আলোচনার কথা বললেও প্রেসিডেন্ট বুশ এতদিন জাতিসংঘের মাধ্যমে ইরানের সাথে আলোচনা চালিয়ে এসেছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এই মাসের শেষে ইরানের সঙ্গে পরমাণু সমৃদ্ধিকরণ বিষয়ক এক বৈঠকে মিলিত হবে।
নিরাপত্তা পরিষদ ইরানকে পরমাণু কার্যক্রম বন্ধের জন্য ৩০ দিনের সময়সীমা বেঁধে দিলেও ইরান তা অগ্রাহ্য করে গত সপ্তাহে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ঘোষণা দেয়।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিজা রাইস বলেছেন, নিরাপত্তা পরিষদের বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ইরানকে আন্তর্জাতিক আইন মানতে বাধ্য করা প্রয়োজন।
তবে সিনেটের রিপাবলিকান দলের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান রিচার্ড লুগার মনে করেন, মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ইরানের সঙ্গে সরাসরি আলাপ কার্যকর হতে পারে।
