২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লির জামে মসজিদে বিস্ফোরণে আহত ১৩

ভারতের রাজধানী নয়াদিল্লির বিখ্যাত জামে মসজিদের ভেতরে শুক্রবার দু’টি বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১৩ জন আহত হয়েছে। পুলিশ সূত্রে এ খবর জানা যায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

মসজিদের প্রধান ধর্মীয় নেতা ইমাম বুখারী সাংবাদিকদের জানান, মসজিদ কমপ্লেক্সের ভেতরে স্থানীয় সময় বিকেল ৫টায় পর পর দু’টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর বুখারী ও অন্যান্য ধর্মীয় নেতা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

ঠিক কি কারণে শুক্রবারের জুমআ’র নামাজের পর ওই জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা পরিষ্কার নয়।

দিল্লি পুলিশ প্রধান কে কে পল জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা সামান্য আহত হয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও কংগ্রেস চেয়ারম্যান সোনিয়া গান্ধী বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছেন ও গভীর শোক প্রকাশ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী শিলা দিক্ষিত মসজিদ পরিদর্শন করেছেন।

মার্চ মাসে হিন্দুদের পবিত্র নগরী বারানাসীতে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়। এছাড়া ২০০৫ সালের অক্টোবরে দিল্লিতে তিনটি বোমা বিস্ফোরণের ঘটনায় ৬০ জনেরও বেশি লোক নিহত ও বহু আহত হয়।