২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের মূল্য ব্যারেল প্রতি ৬৯ ডলারে উন্নীত

ইরানের পারমাণবিক অগ্রযাত্রাকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কায় বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের মূল্য প্রতি ব্যারেল ৬৯ ডলার ছাড়িয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2006, 12:27 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

যুক্তরাজ্যে অপরিশোধিত তেলের বর্তমান মূল্য দাঁড়িয়েছে ব্যারেল প্রতি ৬৯.৩৭ ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রে তেলের মূল্য ব্যারেল প্রতি ৬৮.৯৮ ডলার থেকে বেড়ে ৬৯.৪৫ ডলারে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা ধারণা করছেন ইরান ও মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তে থাকলে তেল উৎপাদনকারী দেশগুলো চাহিদা অনুযায়ী তেলের যোগান দিতে সক্ষম হবে না। ফলে তেলের দাম আবার বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।

ওপেক সদস্য ইরান, নাইজেরিয়া ও ইরাকে রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এবছর বিশ্ব বাজারে তেলের মূল্য ১৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

ইরানের পারমাণবিক অগ্রযাত্রাকে রুখতে ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলার পরিপ্রেক্ষিতে তেলের এই মূল্য বৃদ্ধি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ড এই অভিযোগ অস্বীকার করেছে।

বিশ্বের চতুর্থ তেল উৎপাদনকারী দেশ হিসেবে ইরান তার বিদ্যুৎ উৎপাদনের জন্য পারমাণবিক প্রযুক্তি বেছে নিয়েছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বার বার অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।