শ্রীলঙ্কায় মাইন বিস্ফোরণে ১১ নাবিক নিহত
শ্রীলঙ্কার উত্তরপূর্বাঞ্চলীয় ত্রিঙ্কোমালির কাছে মঙ্গলবার নৌবাহিনীর একটি বাস মাইন বিস্ফোরণের শিকার হলে কমপক্ষে ১০ জন নাবিক ও তাদের গাড়িচালক নিহত হয়। সামরিক বাহিনী এ তথ্য জানায়।
সামরিক বাহিনী জানায়, বিস্ফোরণে নয় নাবিক আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
বিস্ফোরণের জন্যে সামরিক কর্তৃপক্ষ তামিল টাইগারকে দায়ী করেছে। তারা বলেছে, বিস্ফোরণে দুই বিদেশী নাগরিকও আহত হয়েছে।
জাফনার কাছে মাইন বিস্ফোরণে পাঁচ সেনা ও দুই বেসামরিক নাগরিক নিহত হওয়ার একদিন পর এ বিস্ফোরণের ঘটনা ঘটলো। তামিল বিদ্রোহীরা উভয় বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
নিহতের সংখ্যা আগে ১২ বলা হয়েছিল। এ ব্যাপারে সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার প্রসাদ সামারাসিংহে সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে গুরুতর আহত একজন ছিলেন। প্রথমে তাকে মৃত ভেবে নেয়া হয়েছিল।
