২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের সমর্থনে ডালাসে বিক্ষোভ

যুক্তরাষ্ট্রের ডালাস শহরে প্রায় ১১ মিলিয়ন অবৈধ অভিবাসীর বৈধতাকরণের সমর্থনে হাজার হাজার লোক র্যালীতে অংশগ্রহণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 11:33 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

র্যালিতে অবৈধ অভিবাসীদেরকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য কংগ্রেসকে নতুন আইন প্রনয়ণের আহ্বান জানানো হয়েছে।

নতুন মার্কিন অভিবাসন আইন নিয়ে মার্কিন সিনেট মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে। বিক্ষোভকারীদের মধ্যে অনেক স্পেনীয় পরিবার যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশকে অপরাধ হিসেবে গণ্য করার মার্কিন রিপাবলিকান দলের সিদ্ধান্তের বিরোধীতা করেছে।

সমাবেশকারীরা যুক্তরাষ্ট্রীয় পতাকা উড়িয়ে, ব্যানার প্রদর্শন করে এবং শান্তির প্রতীক সাদা পোশাক পরে বিক্ষোভ প্রদর্শন করে।

এছাড়া টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ওয়ার্থ শহর ও ফ্লোরিডার মিয়ামি শহরে অবৈধ অভিবাসীরা বসবাসের বৈধতা পাওয়ার আশায় বিক্ষোভ প্রদর্শন করে।

মার্কিন প্রেসিডেন্ট বুশ ২ বছরের বেশি এবং ৫ বছরের কম সময় ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানকারী সকল অবৈধ অভিবাসীর জন্য ‘অতিথি কর্মী’ আইন প্রণয়নের চেষ্টা করলেও সিনেটের সিদ্ধান্তহীনতায় তা এখনো সম্ভব হয়নি।

সোমবার যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান  ৬০টি শহরে অবৈধ অভিবাসীরা তাদের অভিবাসন বৈধকরণের দাবীতে সমাবেশ করবে। বিশেষজ্ঞরা ধারণা করেছন এই সমাবেশের মধ্য দিয়ে অবৈধ অভিবাসীরা ১৯৬০ সালের ‘নাগরিক অধিকার আন্দোলন’র মতো প্রবল এক আন্দোলন গড়ে তুলতে পারে।