খরা ও দূর্ভিক্ষে আফ্রিকায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে
খরাপীড়িত পূর্ব আফ্রিকায় অপুষ্টিজনিত রোগে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।
এসব খরাপীড়িত ও মৃত্যু পথযাত্রী মানুষদের বাঁচাতে জাতিসংঘ ৪২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার সাহায্যের আবেদন জানিয়েছে।
জাতিসংঘের জরুরি ত্রাণ সমন্বয়কারী জ্যান ইগল্যান্ড আফ্রিকার এই ভয়াবহ অবস্থার কথা তুলে ধরে এবছর আফ্রিকার জন্য ৪২ কোটি ৬০ লাখ ডলার বা ৩৪ কোটি ৮০ লাখ ইউরো সাহায্যের আবেদন জানান।
খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মধ্য আফ্রিকার জিবুতি, ইথিওপিয়া, এরিত্রিয়া, কেনিয়া ও সোমালিয়ায় দেড় কোটিরও বেশি মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। এদের মধ্যে ৮০ লাখ মানুষের জরুরি সাহায্যের প্রয়োজন বলে জাতিসংঘ জানিয়েছে।
জ্যান ইগল্যান্ড জানান, অপুষ্টিজনিত কারণে প্রতিদিন অসংখ্য শিশু মৃত্যুবরণ করছে। এসব শিশুরা পুষ্টির অভাবে এতটাই দুর্বল হয়ে পড়ছে যে প্রতিরোধযোগ্য সাধারণ রোগেও এদের মৃত্যু হচ্ছে। অনাহারে মৃত্যুর চেয়ে অপুষ্টিজনিত রোগে অধিকাংশ মানুষই মারা যাচ্ছে বলেও তিনি জানান।
কেনিয়ার উত্তরে খরাপীড়িত হয়ে এ পর্যন্ত কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আফ্রিকার প্রত্যন্ত অঞ্চলগুলোর অবস্থা আরও ভয়াবহ। ইথিওপিয়ার দক্ষিণাঞ্চল সোমালিয়ার মধ্যাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে খরা ও অপুষ্টিজনিত কারণে অনেকের মৃত্যু হলেও মৃতের প্রকৃত সংখ্যা এখনও জানা যায়নি।
এসব অঞ্চলে প্রবল খরায় হাজার হাজার গবাদি পশু মারা গেছে এবং বন্য পশু-পাখিও ধ্বংসের মুখে পতিত হয়েছে।
জাতিসংঘ থেকে জানানো হয়েছে, ৪২ কোটি মার্কিন ডলার অর্থ সাহায্যের সিংহভাগই সোমালিয়ার খরাপীড়িত মানুষদের কল্যাণে ব্যয় করা হবে।
আইন-শৃঙ্খলার চরম অবনতির ফলে দূর্ভিক্ষ ও খরাপীড়িত সোমালিয়ার অবস্থা আফ্রিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ।
জরুরি সাহায্য ছাড়াও এসব অঞ্চলে দূর্ভিক্ষ রোধে দীর্ঘমেয়াদী কৃষি পরিকল্পনা, গবাদি পশুপালন এবং পানি ও সেচ প্রকল্প হাতে নেয়া হবে বলে জ্যান ইগল্যান্ড জানান।
