আলজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৩ জন কাস্টমস কর্মকর্তা নিহত
আলজেরিয়ার দক্ষিণে মরু অঞ্চল ঘারদিয়াতে সরকারি গাড়িবহরে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ১৩ জন আলজেরিয়ান কাস্টমস কর্মকর্তা নিহত এবং আটজন আহত হয়েছেন।
দুইজন আঞ্চলিক পরিচালকসহ কাস্টমস কর্মকর্তারা অর্জলায় একটি সেমিনারে যোগ দেয়ার জন্য যাচ্ছিলেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
একজন স্থানীয় সাংবাদিক জানান, বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করেছিল এবং তারা পালিয়ে যাওয়ার আগে কর্মকর্তাদের গাড়িবহরে অগ্নিসংযোগ করেছিল।
ঘারদিয়া অঞ্চলটি বিদ্রোহীদের অস্ত্র পাচারের ট্রানজিট রুট হিসেবে পরিচিত।
বন্দুকধারীরা সংখ্যায় কতজন ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা চার চাকার দু’টি গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
একজন স্থানীয় সাংবাদিক জানান, আহত কাস্টমস কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীকে বিষয়টি অবহিত করলে তারা হামলাকারীদের খুঁজে বের করার জন্য তল্লাশি চালায়।
১৯৯২ সাল এ পর্যন্ত আলজেরিয়ার জঙ্গি বাহিনী প্রায় দুই লাখ লোককে হত্যা করেছে।
