২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামাস বলেছে ফিলিস্তিন কর্তৃপক্ষের তহবিল শূন্যের কোঠায়

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া তার দল হামাসের মন্ত্রিসভার প্রথম বৈঠকে বলেছেন যে, তার দেশ তীব্র অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে যাচ্ছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 11:45 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তিনি বলেন, তার সরকার এক অর্থশূন্য ও ঋণগ্রস্ত অর্থ মন্ত্রণালয় পেয়েছে।

তিনি অবশ্য আশ্বস্ত করে বলেন, নতুন সরকার দশ লক্ষ সরকারী কর্মকর্তা ও কর্মচারীকে বেতন প্রদানের সর্বাত্মক চেষ্টা চালাবে।

দাতা সংস্থাগুলো বলেছে, হামাস যদি তার নীতির পরিবর্তন না করে এবং ইসরাইলকে স্বীকৃতি দান না করে তাহলে তারা ফিলিস্তিনকে অর্থ সাহায্য দান বন্ধ করে দেবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এদিকে ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জাহর জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে লিখিত চিঠিতে জানান, তারা প্রতিবেশীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান চান।

তিনি বলেন, “পৃথিবীর অন্যান্য লোকের মত আমরাও স্বাধীন এবং মুক্তভাবে সর্বোপরি শান্তির সাথে প্রতিবেশী দেশের সাথে পাশাপাশি বাস করতে চাই।”

তিনি বলেন, ইসরাইলের অবৈধ ঔপনিবেশিক নীতি পাশাপাশি শান্তিপূর্ণভাবে বসবাসের এই আশাকে নস্যাৎ করে দিচ্ছে।

উল্লেখ্য, ইসরাইল-ফিলিস্তিন শান্তির জন্য প্রণীত চার-জাতি রোডম্যাপে ইসরাইল এবং ফিলিস্তিনের শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হয়েছে।