২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ মহাসচিবের কাছে নীতিগত অবস্থান তুলে ধরেছে হামাস নেতৃত্বাধীন নতুন ফিলিস্তিন সরকার    

ফিলিস্তিনের ক্ষমতাসীন হামাস সরকার জাতিসংঘের কাছে একটি পত্রের মাধ্যমে জানিয়েছে যে, ফিলিস্তিন রাষ্ট্র তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে শান্তিপূর্ণভাবে থাকতে চায়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 11:00 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ফিলিস্তিনের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ জহর জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে প্রেরিত একটি বার্তায় একথা উল্লেখ করেন। হামাস সরকার গঠনের পর জাতিসংঘের সাথে হামাসের এটিই প্রথম যোগাযোগ।

এদিকে ক্ষমতাসীন হামাস ইহুদি রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতি দেয়া ব্যাপারে এখনও অস্বীকৃতি জানাচ্ছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

মাহমুদ জহর তার বার্তায় বলেন, ইসরাইল সরকারের বর্তমান নীতির ফলে ইসরাইল ও ফিলিস্তিন নামক দু’টি স্বাধীন ও শানিতপূর্ণ রাষ্ট্র গঠনের সকল আশা ধূলিস্যাৎ হয়ে যাবে।

ইসরাইল ও ফিলিস্তিন সঙ্কট নিরসনে জাতিসংঘ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক প্রস্তাবিত ‘রোডম্যাপ’ শান্তি প্রক্রিয়ায় দু’টি দেশের শান্তিপূর্ণ সহঅবস্থানের কথা বলা হয়েছে।

মাহমুদ জহর তার বার্তায় ফিলিস্তিনের অধিকার আদায়ের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করতে চান বলে কফি আনানকে জানান।

এদিকে ‘চতুষ্টয়’ হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্র, ইইউ, জাতিসংঘ ও রাশিয়া ফিলিস্তিনের হামাস সরকারকে সন্ত্রাসের পথ পরিহার করে ‘রাডম্যাপ’ অনুযায়ী শান্তিপূর্ণ দু’টি রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছে।

জাতিসংঘের একজন মুখপাত্র জানান, মাহমুদ জহরের প্রেনিত বার্তাটি গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।