অচলাবস্থা নিরসনে ইরাকি নেতাদের উপর চাপ সৃষ্টি করছেন রাইস ও স্ট্র
সম্ভাব্য গৃহযুদ্ধ রোধ এবং দেশের অগ্রগতির জন্য একটি নতুন সরকার গঠন এবং প্রধানমন্ত্রী নিয়োগ নিয়ে সৃষ্ট অচলাবস্থা দ্রুত নিরসনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন সোমবার ইরাকি নেতাদের উপর চাপ সৃষ্টির পদক্ষেপ নিয়েছে।
ইরাকে এক আকস্মিক এবং গোপন সফরের দ্বিতীয়দিন যুক্তরাষ্ট্রের পরারাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস এবং ব্রিটিশ পররাষ্ট্রসন্ত্রী জ্যাক স্ট্র ইরাকের নেতাদের জানিয়েছেন, সাধারণ নির্বাচনের পর চার মাস অতিবাহিত হয়ে গেলেও নতুন সরকার গঠন না হওয়ায় যে শুন্যতা সৃষ্টি হয়েছে, তার ফলে দেশের নিরাপত্তাও হুমকির মুখে রয়েছে।
কঠোর নিরাপত্তা বেষ্টিত বাগদাদের গ্রীন জোনে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী কন্ডোলিসা রাইস বলেন, গেরিলাদের অব্যাহত হামলার হুমকির মুখে ইরাকি জনন নির্বাচনে সাহসী ভূমিকা পালন করেছে, তারা এখন দেশে একটি নতুন সরকার দেখতে আগ্রহী।
তিনি বলেন, ইরাকি জনগনের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছ তাদের দমন করতে রাজনৈতিক প্রক্রিয়ার কোন বিকল্প নেই।
সংবাদ সম্মেলনে রাইস এবং স্ট্র পরিস্কারভাবে উল্লেখ করেন, বিদেশি সরকার ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী মনোনীত করবে না, তবে এ সময়ের মধ্যে তারা দেশটির অগ্রগতি দেখতে আগ্রহী।
ইরাকের বর্তমান অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রী ইব্রাহিম আল জাফারির কার্যক্রমে দেশটির দুই মিত্র দেশ খুশি নয় তা দুই পররাষ্ট্রমন্ত্রীর এই আকস্মিক সফর এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে পরিস্কার হয়ে গেছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, অব্যাহত সন্ত্রাসের হুমকির মুখে একটি দেশে এই ধরনের রানৈতিক শুন্যতা মেনে নেওয়া যায়না।
রাইস বলেন, ইরাকের জন্য এমন একজন নেতা দরকার যিনি ইরাককে সুগঠিত করার পাশাপাশি দেশে স্থীতিশীলতা ফিরিয়ে আনা এবং ইরাকি জনগণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে।
নির্বাচনের মাধ্যমে আল জাফারি ইরাকের পরবর্তী প্রনধানমন্ত্রী মনোনীত হলেও তার নিয়োগের ব্যাপারটি এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ব্রিটিশ পরারাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্র বলেছেন, ইরাকের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন বিষয়টি নিশ্চিত করা না গেলে রাজনৈতিক সংলাপ কোন কাজে আসবে না।
দেশে ঐক্য এবং নিরাপত্তা বিষয়ে জাফারি ইরাকি জনগণকে কোন সুখবর দিতে না পারায় ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি জাফারির সহযোগিরাও তার সরে দাঁড়ানোরও পক্ষে মত দিয়েছেন।
