আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান ইরানের ওপর অবরোধ আরোপের বিরোধী
জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এলবারাদি পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের পরমাণু প্রকল্প পৃথিবীর জন্য এখনও পর্যন্ত অবশ্যম্ভাবী কোন আণবিক হুমকি নয় এবং এই ইসলামিক দেশটির ওপর কোনরূপ অবরোধ আরোপ করা হবে পশ্চিমা বিশ্বের একটি ভুল পদক্ষেপ।
কাতারে আইএইএ-এর একটি সভায় এলবারাদি ইরানের পরমাণু সমৃদ্ধকরণ প্রকল্প নিয়ে পশ্চিমা জোটের উদ্বেগ ও উৎকণ্ঠার কথা উল্লেখ করে ইরানকেও সতর্ক করে দেন।
অপরদিকে প্রভাবশালী ছয় রাষ্ট্রের মন্ত্রীগণ জোর দিয়ে বলেছেন, ইরানকে অবশ্যই জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেয়া বিবৃতি মোতাবেক ইউরেনিয়াম সমৃদ্ধকরন প্রকল্প বন্ধ করতে হবে। খবর বার্তা সংস্থার।
ইরান তার আনবিক কর্মকান্ডকে শান্তিপূর্ণ আখ্যা দিয়ে নিরাপত্তা পরিষদের আহ্বান প্রত্যাখ্যান করে বলেছে, তারা যে কোন মূল্যে পরমাণূ সমৃদ্ধকরণ প্রকল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ।
ইতিপূর্বে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যসহ জার্মানী ইরানকে আলোচনায় ফেরার জন্য ৩০ দিন সময় বেঁধে দিয়ে বলেছে এর মধ্যে ইরান যদি আলোচনায় না ফেরে তাহলে ইরানকে ‘একঘরে’ করা হবে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুনসের মুত্তাকী জানিয়েছেন, ইরান এখনও আইএইএ-এর সাথে আলোচনায় বসতে প্রস্তুত। তবে ইউরোপীয় দেশগুলোর মধ্যস্থতার প্রচেষ্টায় তারা বিশ্বাস রাখতে পারছেন না বলে তিনি জানান।
