নতুন শ্রম আইনের প্রতিবাদে ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ
ফ্রান্সে নতুন শ্রম আইন বাতিলের দাবিতে দেশের বিভিন্ন অঞ্চলের প্রায় ১০ লাখেরও বেশি লোক মঙ্গলবার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভ ও সমাবেশে অংশ নিয়েছে।
প্যারিসে বিক্ষোভকারীরা যখন প্রতিবাদে ফেটে পড়ে তখন পুলিশ তাদের দমন করার চেষ্টা করলে বিক্ষোকারীরা পুলিশকে লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছোঁড়ে এবং জলকামান ব্যবহার করে। খবর বার্তা সংস্থার।
বিক্ষোভকারীরা দেশব্যাপী ধর্মঘট আহবান করায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। সহিংসতার সাথে জড়িত বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী নিকোলাস সারকোজি পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছেন।
এদিকে প্যারিস ছাড়াও শতাধিক শহরের শ্রমিক এবং ছাত্ররা বিতর্কিত এই আইনটি বাতিলের জন্য সরকারের প্রতি আহবান জানায়।
পুলিশের ধারণা, আইনটি বাতিলের দাবিতে প্রায় ১০ লাখেরও বেশি লোক সারাদেশের রাস্তায় রাস্তায় প্রতিবাদ-সমাবেশে অংশ নিয়েছে।
পুলিশ সারাদেশ থেকে প্রায় আটশ’ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করে। এরমধ্যে প্যারিস থেকেই পাঁচশ’ জনকে গ্রেপ্তার করা হয়।
