অভিবাসন সমস্যার মোকাবেলা করার আহবান জানালেন বুশ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ দেশের বিতর্কিত নতুন অভিবাসী আইনটিকে নমনীয়ভাবে বিচারের জন্য সিনেটকে আহবান জানিয়েছেন। মঙ্গলবার এই বিলটি নিয়ে সিনেটের অধিবেশনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান সিনেটরদের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটনে আমেরিকার নাগরিকতা প্রাপ্ত বিভিন্ন দেশের অভিবাসীদের এক শপথ গ্রহণ অনুষ্ঠানে বুশ বলেন, বর্তমান আমেরিকার উন্নয়নে ও অর্থনীতিক সমৃদ্ধি সাধনে এসব অভিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রেসিডেন্ট বুশ এই দিকটির কথা চিন্তা করে নতুন অভিবাসী আইনটিকে ঘিরে রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটরদের আলোচনাকে বাগাড়ম্বড়পূর্ণ না করার আহবান জানান।
নতুন অভিবাসী সংক্রান্ত এই বিলটি পূর্ণ আইন হিসেবে পাস হবার প্রথম ধাপ হিসেবে সিনেটের বিচারকমণ্ডলীর কমিটিতে গৃহীত হয়েছে।
মার্কিন রিপাবলিকান পার্টি প্রেসিডেন্ট বুশের ‘নির্দিষ্ট কাজের জন্য বিদেশী শ্রমিকদের নির্দিষ্ট সময়ের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদনের’ পরিকল্পনাকে ঘিরে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে।
এদিকে অভিবাসী সংক্রান্ত নতুন এই বিলে অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে চিহ্নিত করার প্রচেষ্টার বিরুদ্ধে হাজার হাজার অভিবাসী পুরো যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ-সমাবেশ করেছে।
