জীব-বৈচিত্র্য সংরক্ষণের তাগিদে ধনী দেশগুলোর সমালোচনা করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাকিও লুলা ডি সিলভা পৃথিবীর জীব-বৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ না দেয়ায় ধনী দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন।
বিভিন্ন দেশের মন্ত্রীদের নিয়ে কিউরিতিবা শহরে আয়োজিত জাতিসংঘের জীব-বৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক অধিবেশনের উদ্বোধনী ভাষণে প্রেসিডেন্ট লুইস ইনাকিও লুলা এই সমালোচনা করেন।
অধিবেশনে আমন্ত্রিত আলোচকদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট লুইস লুলা বলেন, “ধনী দেশগুলো জীব-বৈচিত্র্য সংরক্ষণে যথাযথ অর্থ বরাদ্দ না করায় সবচেয়ে বেশি দুর্দশার সম্মুখিন হচ্ছে দরিদ্রতম দেশগুলো, যা কিছুতেই মেনে নেয়া যায় না”। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
এসময় উপস্থিত মন্ত্রীদের সতর্ক করে দিয়ে প্রেসিডেন্ট লুলা আরও বলেন, বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী তথা জীব-বৈচিত্র্য সংরক্ষণের সঠিক সময় বয়ে যাচ্ছে।
উন্নত বিশ্বের তুলনায় উন্নয়নশীল দেশগুলোতেই প্রাকৃতিক জীব-বৈচিত্র্য অনেক বেশি ব্যাপক। কিন্তু উত্তর ও দক্ষিণ আমেরিকার জীব-বৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক প্রচেষ্টা বেশ অসুবিধার সম্মুখিন হয়ে পড়েছে।
প্রেসিডেন্ট বলেন, এটা কিছুতেই মেনে নেয়া যায় না যে উন্নত দেশগুলোর সম্পদের অপরিমিত ব্যয়ের কারণে সৃষ্ট প্রাকৃতিক বিপর্যয়ের ফলে অনুন্নত দরিদ্র দেশগুলোই বেশি দুর্দশা ভোগ করবে।
