আমি পাকিস্তান ফিরবো: নেওয়াজ শরীফ
দীর্ঘ সাত বছরের নির্বাসনের প্রেক্ষাপটে সাবেক পাকিস্তানী প্রধানমন্ত্রী নেওয়াজ শরীফ লন্ডনে পাকিস্তান মুসলিম লীগ এর কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সহকর্মীদের কাছ থেকে এক আবেগঘন অভ্যর্থনা গ্রহণ করেছেন।
ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভি জানায়, ৪০ এর বেশী মুসলিম লীগ নেতৃবৃন্দ পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন অংশ থেকে লন্ডনে জড়ো হন পুনরায় ক্ষমতায় যাবার পথ বের করার উদ্দেশ্যে।
উল্লেখ্য, নেওয়াজ শরীফ, তাঁর ভাই শাহ্বাজ এবং আরেক প্রাক্তন পাকিস্তানী প্রধানমন্ত্রী বেনজির ভূট্টো বর্তমানে নির্বাসনে রয়েছেন।
এনডিটিভিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নেওয়াজ শরীফ জানান, তিনি এবং বেনজির ভূট্টো একত্রে পারভেজ মোশাররফ সরকারের বিরুদ্ধে ঐক্যজোট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, পাকিস্তানে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশ নিতে হলে উভয় নেতাকে পাকিস্তানে প্রবেশের উপায় বের করতে হবে।
নেওয়াজ শরীফ বলেন, “আমরা আগে থেকেই জোটবদ্ধ আন্দোলনে আছি। ”
তিনি বলেন, “আমরা ১২ই অক্টোবর, ১৯৯৯ এর পূর্ববর্তী সংবিধান পূনরুদ্ধার, মোশাররফবিহীন অবাধ ও নিরেপক্ষ নির্বাচন এবং একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবীতে আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
তিনি মন্তব্য করেন, “আমি এবং বেনজির যদি দেশে না ফিরি তবে নির্বাচনে সম-প্রতিদ্বন্দিতাপূর্ণ পরিবেশ নিশ্চিত হবেনা।”
তিনি বলেন, “মোশাররফের পরিকল্পনা সফল হবেনা কারন তিনি একজন অবৈধ ক্ষমতাদখলকারী। তিনি বেআইনীভাবে ও অসাংবিধানিক উপায়ে একটি গনতান্ত্রিক সরকারকে উৎখাত করেছেন....আমি তাঁর দ্বারা সংবিধানের ১৭তম সংশোধনকে মানিনা। আমি এই মূহুর্তের পাকিস্তানী আইনকাঠামোকে অস্বীকার করি এবং অবশ্যই দেশে ফিরবো। তিনি (মোশাররফ) আমাকে কোনভাবেই আটকাতে পারবেননা।”
