মার্কিন যুক্তরাষ্ট্র ইরাকের ব্যাপারে ইরানের সাথে আলোচনায় বসতে সম্মত
ইরান ইরাক বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে মার্কিন পররাষ্ট্র্রমন্ত্রী কন্ডোলিসা রাইস জানিয়েছেন।
ইরাকে সহিংস দাঙ্গায় ইরানের মদদ রয়েছে এমন মার্কিন অভিযোগকে অস্বীকার করার পর ইরান ইরাকের মার্কিন রাষ্ট্রদূত জালমাই খলিলজাদ’র সাথে এই আলোচনায় বসতে রাজি হয়েছে।
ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রাইস আশা প্রকাশ করেন যে, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই আলোচনায় ফলপ্রসূ কোন সিদ্ধান্ত বেরিয়ে আসবে। তবে আলোচনার তারিখ উল্লেখ না করে তিনি জানান, যথাসময়ে আলোচনা অনুষ্ঠিত হবে ।
রাইস আরও জানান, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনীতিক সম্পর্ক না থাকলেও ইরাকে মার্কিন রাষ্ট্রদূত খলিলজাদের ইরানের সাথে ইতোপূর্বে আফগানিস্তান বিষয়ে আলোচনার অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে বলে বিভিন্ন বার্তা সংস্থা একথা জানিয়েছে।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, ইরাকে শিয়া এবং সুন্নীদের মধ্যে অব্যাহত সহিংস দাঙ্গায় উদ্বিগ্ন হয়ে ইরান ও যুক্তরাষ্ট্র এই আলোচনায় বসতে সম্মত হয়েছে।
তবে অনেকের মতে, ইরানের উপর পারমাণবিক গবেষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক চাপ ও সম্ভাব্য নিষেধাজ্ঞা এড়াতে ইরান এই আলোচনায় বসতে রাজি হয়েছে।
ইরাকি সূত্র এই সপ্তাহের মধ্যেই আলোচনার ইঙ্গিত দিলেও ইরান এখনও তার কূটনীতিক দলের নাম ঘোষণা করেনি।
এদিকে গত দুইদিনে শিয়া-সুন্নীদের সহিংস দাঙ্গায় ৩৫ জন ইরাকিসহ দুইজন মার্কিন সেনা নিহত হয়েছে।
অপরদিকে পেন্টাগন তাদের একটি প্রতিবেদনে অভিযোগ করেছে যে, ২০০৩ সালে ইরাক আক্রমণের প্রথম দিনগুলোতে ইরাকে কর্মরত রুশ রাষ্ট্রদূত মার্কিন সেনাদের গতিবিধির অনেক গোপন তথ্য সাদ্দাম সরকারকে অবহিত করেছিলেন।
