২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলারুশে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ

বেলারুশের দাঙ্গা পুলিশ রাজধানী মিনক্সে শুক্রবার সকালে প্রেসিডেন্ট লুকাসেনকো’র বিজয়ের বিরুদ্ধে বিক্ষোভরত কয়েক হাজার বিক্ষোভকারীকে ছত্রভঙ্গ এবং কয়েকশ’ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2006, 10:10 AM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিক্ষোভকারীরা বিতর্কিত এক নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকো’র বিজয়ের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ও পুনঃনির্বাচনের দাবিতে টানা চারদিন ধরে রাজধানীর একটি প্রধান চত্বরে বিক্ষোভ সমাবেশ করার সময় এ ঘটনা ঘটে।

অকটিয়াব্রাসকায়া চত্বরে গভীর রাতে দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের তাঁবুতে অভিযান চালায়। এসময় দুইশ’ বিক্ষোভকারী শান্তভাবে পুলিশের গাড়িতে উঠলেও বাকি ৪০-৫০ জন পুলিশের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

বিগত কয়েকদিন ধরে গ্রেপ্তারের মাধ্যমে বিক্ষোভ বন্ধের চেষ্টা করা হলেও এই প্রথম জোর করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করা হল। বৃহস্পতিবার বিরোধী দলীয় নেতা আলেকজান্ডার মিলিনকেভিচের সরকার বিরোধী উত্তেজক বক্তব্যের পরপরই এই ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি করছে বিক্ষোভকারীরা।

রোববার প্রেসিডেন্ট নির্বাচনে লুকাসেনকো জয়লাভের পর প্রায় ১০ হাজার বিক্ষোভকারী বিক্ষোভে অংশগ্রহণ করে। কিন্তু কট্টরপন্থি লুকাসেনকোর শাসনের বিরুদ্ধে এই বিক্ষোভ খুবই দুর্বল হওয়ায় বেলারুশের দাঙ্গা পুলিশ তা সহজেই ছত্রভঙ্গ করে দেয়।

শনিবার বেলারুশের স্বাধীনতা ঘোষণার বর্ষপূর্তিতে আহবানকৃত এক সমাবেশে বিরোধী দলের ভবিষ্যৎ কর্মপন্থা সম্পর্কে জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে লুকাসেনকো বলেন, তাকে ক্ষমতা থেকে অপসারণের জন্য পশ্চিমা দেশগুলো বেলারুশের বিরোধী দলকে মদদ দিচ্ছে।

এবারের নির্বাচনে ৮৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া সত্ত্বেও বিক্ষোভের ব্যাপকতার মুখে ৩১ মার্চ লুকাসেনকোর শপথ গ্রহণ অনুষ্ঠান পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে দেশের প্রধান নির্বাচন কমিশন।