ফ্রান্সে নতুন শ্রম আইনের বিরুদ্ধে ধর্মঘট আহ্বান
ফরাসি শ্রমিক ইউনিয়ন ও শিক্ষার্থীরা নতুন শ্রম আইনের বিরুদ্ধে তাদের পরিচালিত অভিযান জোরদার করতে ২৮ মার্চ প্রতিবাদ ধর্মঘট আহ্বান করেছে।
হাজার হাজার লোক শনিবার ফ্রান্স জুড়ে নতুন শ্রম আইনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশে যোগদান করে। নতুন আইন ব্যবহার করে যুবক শ্রমিকদের সহজেই বরখাস্ত করা যাবে।
সরকার বলেছে, নতুন গৃহীত উদ্যোগ প্রত্যাহার করা হবে না। তাদের ভাষায়, এর ফলে যুবকদের বেকারত্বের হার কমে যাবে।
প্রেসিডেন্ট শিরাক সরকারের সাথে আলোচনা শুরু করতে প্রতিবাদকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে সোমবার তিনি আবারো আইনের প্রতি তার সমর্থন পুনর্ব্যক্ত করেন।
ইউনিয়নগুলো সরকারকে সোমবার সন্ধ্যার মধ্যে শ্রম আইন প্রত্যাহার করে নিতে সময় বেঁধে দিয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী দোমিনিক ডি ভিলেপা বলেছেন, তিনি শ্রম আইন প্রত্যাহার করবেন না।
নতুন আইনের আওতায়, নিয়োগদানকারী প্রতিষ্ঠান দুই বছরের পরীক্ষামূলক সময়ে ২৬ বছরের নিচের বয়সীদের ক্ষেত্রে যে কোনো সময় তাদের চাকরিসংক্রান্ত চুক্তি বাতিল করতে পারে। এর জন্য তাদেরকে কোন ব্যাখ্যা দিতে হবে না।
সরকার বলছে, পরিকল্পনাটি যুবকদের চাকরি দিতে প্রতিষ্ঠানদের সহায়তা করবে। কিন্তু শিক্ষার্থীরা আশঙ্কা করছে, এর ফলে দেশের চাকরির বাজারের স্থিতিশীলতা বিনষ্ট হবে। ফ্রান্সে ১৮ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে ২০ শতাংশের বেশি লোক বেকার।
ইউনিয়নগুলো বলেছে, নতুন আইন যুবকদের বঞ্চিত করতে নিয়োগপ্রদানকারী প্রতিষ্ঠানকে অনুমতি দেবে। তাই সরকার তাদের দাবির প্রতি সাড়া দিয়ে কোন ছাড়া না দিলে তারা কঠোর জবাব দেবে।
সিএফডিটি ইউনিয়নের মুখপাত্র অঁরি ডিডি বলেন, সরকারের উচিত জনগণের কথা শোনা।
