ইরাকের বেসামরিক নাগরিক হত্যার ঘটনার তদন্ত করছে যুক্তরাষ্ট্র
মার্কিন সামরিক বাহিনী বলেছে, মার্কিন মেরিন বাহিনী ১৫ জন বেসামরিক ইরাকিকে গুলি করে হত্যা করেছে বলে যে অভিযোগ উঠেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
২০০৫ সালের নভেম্বর মাসে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। ইরাকের হাদিসা শহরে রাস্তায় পুঁতে রাখা বোমার বিস্ফোরণে এক মেরিনা সেনা নিহত ও দুইজন আহত হওয়ার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। ওই সময় মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছিল, বিস্ফোরণে বেসামরিক ইরাকিরা নিহত হয়েছে।
কিন্তু সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে দেখা গেছে, মেরিন সেনারা ওই ইরাকিদেরকে তাদের বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে।
বিবৃতিতে বলা হয়েছিল, বোমা বিস্ফোরণের ঘটনার পরপরই বিদ্রোহীরা এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। সেখানে বিদ্রোহীদের সাথে মেরিন সেনাদের বন্দুকযুদ্ধের সূত্রপাত হয়। এতে হামলাকারীদের আটজন মারা যায়।
এতে আরো বলা হয়েছিল, তিন শিশুসহ ১৫ বেসামরিক ইরাকি প্রাথমিক বিস্ফোরণে মারা যায়।
কিন্তু নিহতদের আত্মীয়স্বজন, বেঁচে যাওয়া লোকজন ও চিকিৎসকরা বলেছেন, ঘটনাটি সত্য নয়। তারা বলেন, মেরিন সেনারা বাড়িতে ঢুকে তাদেরকে গুলি করে হত্যা করেছে। তাদের পড়নে ছিল রাতের পোশাক।
তবে টাইম ম্যাগাজিন ঘটনাটি ব্যাপারে হস্তক্ষেপ না করলে ব্যাপারটি চাপা পড়ে যেত বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। চলতি বছরের জানুয়ারিতে ম্যাগাজিনটি ঘটনার প্রামাণ্যদলিল বাগদাদে মোতায়েনকৃত মার্কিন সামরিক কমান্ডের কাছে হস্তান্তর করে।
সামরিক বাহিনীর প্রাথমিক তদন্তে বলা হয়েছে, দু’টি পরিবারের সদস্যরা মেরিন সেনাদের হামলায় নিহত হয়েছে।
অভিযোগটি তদন্তের জন্য মার্কিণ নৌ বাহিনীতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত ১২ মেরিন সেনা আসলেই ঘটনার সাথে জড়িত কিনা তদন্তের রিপোর্ট পাওয়ার পরই তা প্রমাণিত হবে।
মানবাধিকার সংগঠনগুলো বলেছে, ১৫ বেসামরিক ইরাকিকে ইচ্ছাকৃত হত্যা করা হয়েছে। ইরাকের অনেক বেসামরিক নাগরিক অভিযোগ করে বলেছেন, বিদ্রোহীদের সাথে লড়াইয়ের সময় মার্কিন সামরিক বাহিনী ইচ্ছাকৃত হত্যাকাণ্ড চালিয়ে থাকে। বিশেষ করে ফালুজায় নিরাপত্তা অভিযানের সময় এটি ঘটেছে।
