২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় ভূমিকম্পে নিহত ৪, আহত ৩৬

আলজেরিয়ায় সোমবার রাতে এক মাঝারি মানের ভূমিকম্পে কমপক্ষে চারজন নিহত ও আরো ৩৬ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 08:46 AM

Updated : 26 Apr 2022, 03:30 PM

তবে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ভূমিকম্পে সাতজন মারা গেছে। আলজেরিয়ার বেতার রাত থেকেই বুলেটিন প্রচার শুরু করেছে।

রাজধানী আলজিয়ার্সের ৩০০ কিলোমিটার পূর্বের বিজাইয়া প্রদেশের লালাম শহরে স্থানীয় সময় সোমবার রাত ০৮৪৪ টায় (বাংলাদেশের সময় মঙ্গলবার ভোর ০১৪৪টায়) রিখটার স্কেলে ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে ৩০টি ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভুতাত্ত্বিক জরিপ বিভাগ বলেছে, বিজাইয়া ও সেটিফ শহরের মধ্যবর্তী খিরাটা শহর হচ্ছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল। বিজাইয়া শহরের পূর্বাঞ্চলে এটি শক্তিশালীভাবে অনুভূত হয়েছে। এর ফলে স্থানীয় অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে আলজেরিয়ায় বেশ কিছু ভূমিকম্পের ঘটনা ঘটেছে।২০০৩ সালের মে মাসে আলজিয়ার্স ও বুমেরাডস অঞ্চলে এক শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ২,৩০০ জন নিহত ও ১০ হাজারের বেশি লোক আহত হয়েছিল।

১৯৯৯ সালে দেশটির উত্তরপশ্চিমাঞ্চলে এক ভূমিকম্পে ২৮ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছিল। তারও পাঁচ বছর আগে পশ্চিমাঞ্চলীয় মাসকারা অঞ্চলে অপর এক ভূমিকম্পে ১৭২ জন নিহত ও ২৮৮ জন আহত হয়।