নির্বাচনে ব্যাপক রক্তপাত ঘটবে-এমন একটি মোবাইল বার্তায় বেলারুশ জুড়ে আতঙ্ক
রাষ্ট্রপতি নির্বাচনের ঠিক আগের দিন, শনিবার নির্বাচনে ব্যাপক রক্তপাত ঘটবে এমন একটি রহস্যজনক খবর মোবাইলের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে পড়ায় বেলারুশের অধিবাসিরা আতঙ্কিত হয়ে পড়েছে।
এই মোবাইল বার্তায় বলা হয় সে দেশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাসেনকো ভোটচুরির মাধ্যমে তার ১২ বছরের শাসনামলকে আরও বাড়াতে চাচ্ছেন।
রোববার দেশের প্রেসিডেন্ট নির্বাচনে তিনজন প্রার্থীর মধ্যে লুকাসেনকো নিজের বিজয় সম্পর্কে এক রকম নিশ্চিত। এদিকে বিরোধী দলীয় প্রার্থীরা ভোটচুরি ঠেকাতে তাদের সকল সমর্থকদের রোববার বিকেলে রাজধানীতে উপস্থিত হ্বার আহবান জানিয়েছে।
বেলারুশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর ‘ভেলকম’ থেকে প্রাপ্ত এই মেসেজে রোববার বিকেলে ওকটিয়াব্রাসকিয়া স্কয়ারে সরকার বিরোধী বিক্ষোভকারীদের উপর পরিকল্পিত আক্রমন চালানো হবে জানিয়ে দিয়ে যার যার নিরাপত্তার কথা চিন্তা করতে বলা হয়েছে।
বিরোধী দলীয় শক্তিশালী প্রার্থী আলেকজান্ডার মিলিনকেভিচ এই মোবাইল মেসেজ ও সম্ভাব্য অভ্যূত্থানের সকল অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে বলেছেন নির্বাচনের আগে বিরোধী দলের ভাবমূর্তি নষ্ট করা ও জনগণকে ঘরে বন্দি রাখার জন্য সরকারই এসব গুজব সৃষ্টি করেছে।
