বাগদাদে ২২টি মৃতদেহ উদ্ধার
ইরাকের পুলিশ ও নিরাপত্তারক্ষীরা শনিবার বাগদাদ শহরে ২২টি মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদের প্রত্যেককেই শারিরীক নির্যাতনের পর মাথায় গুলি করে হত্যা করা হয়েছে বলে ইরাকী পুলিশ জানিয়েছে।
বাগদাদ শহরের কয়েকটি স্থান থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে কাউকেই সনাক্ত করা সম্ভব হয়নি বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে জানা যায়।
এদিকে শনিবার সামারা অঞ্চলের উত্তরে মার্কিন-ইরাকী সেনাদের যৌথ অভিযানে ৮০জন ইরাকীকে গ্রেফতার করা হয়েছে। পরে ২০জনকে ছেড়ে দিয়ে বাকি ৬০জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক রাখা হয়েছে বলে ১০১ এয়ারবোর্ন ডিভিশনের তৃতীয় ব্রিগেড কমব্যাট টিমের একজন মুখপাত্র জানান।
মার্কিন সেনাবাহিনী জানিয়েছে তারা ‘অপারেশন সুয়ার্মার’ নামক এই অভিযানে প্রচুর গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তবে এই অভিযানে কেউ নিহত হবার কোনো খবর পাওয়া যায়নি।
ইরাকের সালাহ্য়েদিন প্রদেশের ‘সহিংসতার আখড়া’ হিসেবে চিহ্নিত কয়েকটি গ্রামে বৃহস্পতিবার থেকে ১৫০০জন মার্কিন ও ইরাকী সেনার এই যৌথ অভিযান শুরু হয়।
