সাবেক প্রধানমন্ত্রী হারিরি হত্যাকান্ডের তদন্ত জটিল হয়ে পড়েছে : জাতিসংঘ
লেবাননের সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি হত্যাকান্ডের তদন্তকারী জাতিসংঘের প্রধান তদন্ত কর্মকর্তা সার্জ ব্রামমার্টজ বলেছেন, তদন্তের কাজে সিরীয় কর্তৃপক্ষের সহযোগিতা সত্ত্বেও তদন্তের ব্যাপারটি খুব জটিল হয়ে পড়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক অধিবেশনে তদন্তের অগ্রগতি সম্পর্কে সার্জ জানান, আগামী মাসে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সাথে সাক্ষাতের অনুমতি পেয়েছেন। তিনি আরও জানান তদন্তের ক্ষেত্রে বেশ কিছু ব্যাপারে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
রফিক হারিরি ২০০৫ সালে বৈরুতে এক গাড়ি বোমা হামলায় নিহত হন। জাতিসংঘের পূর্ববর্তী প্রধান তদন্ত কর্মকর্তা ডেটলেভ মেহলিস তদন্ত বিলম্বিত হবার কারণ হিসেবে সিরিয়ার অসহযোগিতার কথা উল্লেখ করেছেন।
এদিকে সিরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে তারা এই তদন্তে পূর্ণ সহযোগিতা করছে এবং রফিক হারিরি হত্যাকান্ডে সিরিয়া জড়িত নয়। তদন্ত কমিশন আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আগামী জুন পর্যন্ত তদন্ত চালিয়ে যাবার সময় থাকলেও খুব শীঘ্রই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে না।
